সিলেটের সাথে যুক্তরাজ্যের ঐতিহাসিক সুসম্পর্কের অন্যতম যোগসূত্র-জাবেদ প্যাটেল

Published: 26 January 2021

সিলেট অফিস : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেল বলেছেন, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ।

যুক্তরাজ্যে বসতি গড়া সিলেটীরা যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সুসম্পর্কের অন্যতম যোগসূত্র । যুক্তরাজ্যে বসবাসকারী প্রায় ৬ লাখ বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের বেশির ভাগের পূর্ব পুরুষের আদি নিবাস এই সিলেটে। এ কারণে যুক্তরাজ্যের সাথে সিলেটের রয়েছে ভিন্নমাত্রার সেতুবন্ধন। তিনি গত সোমবার সিলেট নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
মতবিনিময়কালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যুক্তরাজ্যের সাথে সিলেটের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তা আরো গভীর ও ঘনিষ্ঠ করতে সিলেট সিটি কর্পোরেশন আগ্রহী। তিনি বলেন, সিলেট নগরীতে দারিদ্র্য বিমোচনসহ নানা কর্মসূচি বাস্তবায়নে যুক্তরাজ্য সরকারের বৈদেশিক সহায়তা বিভাগ সহযোগিতা প্রদান করছে। এজন্য সিলেট নগরবাসী যুক্তরাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞ। তিনি সিলেটের অবকাঠামো উন্নয়নসহ আরো বৃহৎ পরিসরের উন্নয়ন কর্মসূচিতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেন।
ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার জাবেদ প্যাটেল জানান, যুক্তরাজ্য ও বাংলাদেশ সরকার, সিলেট সিটি কর্পোরেশন ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে সিলেট নগরীর দারিদ্র্য দূরীকরণ কার্যক্রম চলমান রয়েছে। এই জনগুরুত্বপূর্ণ কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ১১ হাজার মানুষ কোভিড-১৯ বিষয়ক সচেতনতা, পুষ্টি ও জীবিকার জন্য অনুদানসহ নগরের দারিদ্র্য দূরীকরণ এর লক্ষ্যে বিভিন্ন সহায়তা পাচ্ছেন।
ডেপুটি ব্রিটিশ হাই কমিশনার জাবেদ প্যাটেল বলেন, কমনওয়েলথভূক্ত দেশ হিসেবে বাংলাদেশকে অন্যান্য দেশের তুলনায় ব্রিটিশ জনগণ অধিক প্রত্যক্ষ অনুদান প্রদান করে। যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রফতানির অংশীদার। ২০১৯ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ৩.৩ বিলিয়ন পাউন্ড পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে। বর্তমানে বাংলাদেশে যুক্তরাজ্যের প্রায় ১.৯ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ রয়েছে, যা বাংলাদেশের দ্বিপক্ষীয় হিসেবে ২য় বৃহত্তম। তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলার আন্তর্জাতিক প্রক্রিয়ায় যুক্তরাজ্য দ্বিতীয় বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে কক্সবাজারের প্রায় দশ লাখ রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশের স্থানীয় জনগণকে মানবিক সহায়তা প্রদান করছে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় যুক্তরাজ্য ৩০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি সহায়তা প্রদান করেছে।
সৌজন্য সাক্ষাৎকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, সিআরও বিজন কুমার সিংহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, এসেসর চন্দন দাস, ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল এফেয়ার্স অফিসার এজাজ রহমান, ব্রিটিশ হাইকমিশনের সিলেট কনস্যুলার রাহিন মইন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সিলেট পৌঁছে ডেপুটি বিটিশ হাই কমিশনার জাবেদ প্যাটেল সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি এবং সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম-এর সাথেও সাক্ষাৎ করেন। এছাড়া, তিনি বৃটিশ কাউন্সিলের স্থানীয় অফিস পরিদর্শন করেন ও যুক্তরাজ্যের পরীক্ষা বিষয়ক প্রশাসনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।