দিক হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
পোস্ট ডেস্ক : দারুণ ছন্দে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড হঠাৎই দিক হারিয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লীগে শেষ চার ম্যাচে জয় মাত্র একটি। এক হারের সঙ্গে ড্র দুই ম্যাচে। শনিবার রাতে আর্সেনালের মাঠে গোলশূন্য ড্র করেছে ম্যানইউ। নগরপ্রতিদ্বন্দ্বীদের ব্যর্থতার সুযোগ কাজে লাগানো অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। আগের ম্যাচে ম্যানইউকে হারানো শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ জিতল পেপ গার্দিওলার দল। যা সিটিজেনদের ইতিহাসে সর্বোচ্চ।
আর্সেনালের ঘরের মাঠ এমিরটেস স্টেডিয়ামে প্রথমার্ধে বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল ম্যানইউ।
তবে আক্রমণে সমানে সমান ছিল দু’দল। ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি কেউ। দ্বিতীয়ার্ধেও গোল মিসের মহড়া অব্যাহত ছিল দুই দলের। গোলপোস্টের নীচে ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়া এবং আর্সেনাল গোলরক্ষক বার্নড লেনো দারুণ নৈপুণ্য দেখান। প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ইংলিশ প্রিমিয়ার লীগে ২৫০তম ম্যাচ খেলেছেন আর্সেনালের অ্যাটাকিং মিডফিল্ডার উইলিয়ান। আর্সেনালের জার্সিতে অভিষেক হয়েছে রিয়াল মাদ্রিদ থেকে ধারে আসা মার্টিন ওডেগার্ডের। ১৯৯৩ সালের পর প্রথম নরওয়েজিয়ান হিসেবে আর্সেনালের হয়ে মাঠে নামলেন এই মিডফিল্ডার। প্রতিপক্ষের মাঠে হার এড়িয়ে রেকর্ড গড়েছে ম্যানইউ। আর্সেনালের কাছে টানা দুই লীগ ম্যাচে হারের পর পয়েন্ট পেল রেড ডেভিলরা। প্রতিপক্ষের মাঠে টানা ১৮ লীগ ম্যাচে অপরাজিত ওলে গানার সুলশারের দল। নিজেদের ইতিহাসে যা সর্বোচ্চ।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে ১-০ ব্যবধানে জয় এনে দেয়া গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস। শেফিল্ডের বিপক্ষে জয়টি জানুয়ারি মাসে সিটিজেনদের টানা নবম (সব প্রতিযোগিতায়)। ইংলিশ ফুটবল ইতিহাসে নির্দিষ্ট কোন মাসে সব প্রতিযোগিতায় সবচেয়ে বেশি জয়ের রেকর্ড সিটিজেনদের। নতুন রেকর্ড গড়ে শেফিল্ডের বিপক্ষে এই জয়ে শীর্ষস্থান আরো মজবুত করলো পেপ গার্দিওলার দল। ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট সিটির। ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আছে লীগ টেবিলে দ্বিতীয় স্থানে ম্যানইউ। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে আর্সেনাল। ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। ২ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে লেস্টার সিটি।




