সৌদিতে ৯ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রিতে ইসরাইলের সম্মতি

Published: 10 February 2021

পোস্ট ডেস্ক : তিন বছর ঝুলিয়ে রাখার পর অবশেষে সৌদি আরব ও আমিরাতের কাছে যুদ্ধবিমানসহ ৯ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রির ব্যাপারে সম্মতি দিয়েছে ইসরাইল।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও আমিরাতের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান, চিনক হেলিকপ্টার ও এরিয়েল রিফুয়েলিং ট্যাংকারসহ বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রির বিষয়ে গোপনে আপত্তি জানিয়ে রাখে ইসরাইল। খবর আরব নিউজের।

এসব অস্ত্র বিক্রির কথা বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি আদায় করে কয়েকটি আরব দেশের কাছ থেকে।

কিন্তু এসব সমারাস্ত্র আরবদের হাতে গেলে নিজের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে ভেবে এতে বাধা দিয়ে আসছিল ইসরাইল।

ইসরাইলি পার্লামেন্টে গত রোববার দীর্ঘ ৭ ঘণ্টা আলোচনার পর যুক্তরাষ্ট্রের এ অস্ত্র বিক্রিতে সম্মতি দেন ইহুদিবাদী দেশটির আইনপ্রণেতারা।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

জো বাইডেন ক্ষমতায় এসেই সৌদি আরব ও আমিরাতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানসহ ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রক্রিয়া বন্ধ করে দেন।