নেইমারকে পাত্তা দিচ্ছেন না ইতালিয়ান মডেল

Published: 13 February 2021

পোস্ট ডেস্ক : নেইমারের প্রেমের খবর নতুন নয়। তবে এবার পছন্দের এক মডেলের কাছে পাত্তা পাচ্ছেন না এ ব্রাজিলিয়ান ফুটবলার।

নেইমারের পছন্দের সেই মডেলের নাম কিয়ারা নাস্তি। তিনি ইতালির বাসিন্দা। ভালোবাসা জানাতে তার ইনস্টাগ্রামের সব পোস্টে ক্রমাগত লাভ রিঅ্যাকশন দিচ্ছেন নেইমার। এমনই খবর জানিয়েছে ইতালির বিভিন্ন সংবাদমাধ্যম।
নেইমার একতরফা ভালোবাসা প্রকাশ করলেও নাস্তির পক্ষ থেকে কোনো সাড়া আসেনি। ইতালিয়ান বিনোদন সাংবাদিক ও ‘চি’ ম্যাগাজিনের পরিচালক আলফোনসো সিনিওরিনি বলেন, ‘নাস্তির সঙ্গে সাক্ষাত করতে উদগ্রীব হয়ে আছেন নেইমার। সেজন্য যা কিছু করা দরকার তার ত্রুটি রাখছেন না তিনি। নাস্তির একটি ছবিও নেই যাতে নেইমারের রিঅ্যাকশন নেই।
কিন্তু নাস্তির পক্ষ থেকে কোনো সাড়া পায়নি নেইমার।’
আরমানির মতো বিশ^খ্যাত এই মডেলের ইনস্টাগ্রামে আঠারো লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। ‘ড্যান্স ড্যান্স ড্যান্স’ ও ‘দ্য আইল্যান্ড অব ফেমাস’- এর মতো একাধিক রিয়েলিটি শোতে দেখা গেছে কিয়ারা নাস্তিকে। ২০১৭ সালে উদ্যোক্তা উগো আবামন্তের সঙ্গে বাগদান হয়েছিল তার। কিন্তু এক বছরের মাথায় ভেঙে যায় তাদের সম্পর্ক।
২০১১ সালে প্রেমিকা ক্যারোলিনার গর্ভে জন্মেছিল নেইমারের ছেলে দাভি লুকা। তার সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর ব্রুনা ম্যার্কেজিনের প্রেমে পড়েন ব্রাজিলীয় তারকা। কিছুদিন আগে ক্রোট কিউবান বংশোদ্ভূত মডেল নাতালিয়া বারুলিখের সঙ্গে নেইমারের প্রেমের গুঞ্জন ওঠে।
ফরাসি কাপে বুধবার ক্যাঁ-র বিপক্ষে ম্যাচে চোট পান নেইমার। গুরুতর ইনজুরিতে ৪ সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন তিনি। যার ফলে ইউরোপ সেরার প্রতিযোগিতায় শেষ ষোলোর প্রথম লেগে সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না নেইমার।