জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নীচে ট্রাক, নিহত ২
সিলেট অফিস : সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নীচে ট্রাক পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে তামাবিল থেকে সিলেট গামী ট্রাক ধামরাই ব্রীজে উঠার পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই্ দুজন নিহত হন। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ট্রাকের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে। পরে থানা পুলিশ ময়নাতদন্তের লাশ দুটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রবিবার সকাল ১০টার দিকে পাঠায়।
নিহতরা হচ্ছেন, জৈন্তাপুর থানাধীন নিজপাট ইউনিয়নের বন্দরহাটি গ্রামের আব্দুস সোবহানের ছেলে এবাদুর রহমান খোকন (২৭) ও গোয়াইনঘাট থানাধীন নলজুরি পশ্চিমপাড় গ্রামের মাহতাব হোসেনের ছেলে রাসেল আহমদ (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মহসিন আলী বলেন, জৈন্তাপুর থানাধীন ধামরাই ব্রীজের উপর উঠা মাত্রই সিলেট গামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে চালক রাত জেগে ট্রাক চালিয়েছেন। না ঘুমানোর কারণে ওই দুর্ঘটনাটি ঘটে।




