‘ঘুমন্ত’ ভিএআরকে কফি খাওয়াতে বললেন ম্যানইউ কোচ
পোস্ট ডেস্ক : হঠাৎই ছন্দ হারানো ম্যানচেস্টার ইউনাইটেড আবারো পয়েন্ট খুইয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লীগে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই পয়েন্ট হারিয়েছে রেড ডেভিলরা। রোববার ওয়েস্ট ব্রমের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ওলে গানার সুলশারের দল। টানা দ্বিতীয় ড্রয়ে ম্যানইউ কোচের কাঠগড়ায় ভিএআর।
প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে ইউনাইটেড। বিরতির আগে ব্রুনো ফার্নান্দেসের গোলে সমতায় ফেরে সফরকারীরা। ৬৩তম মিনিটে প্রতিপক্ষের ডিবক্সে হ্যারি ম্যাগুয়ার পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরে বদলে যায় সিদ্ধান্ত। ভিআরের কারণে পেনাল্টি বাতিল হওয়ায় ক্ষুব্ধ ওলে গানার সুলশার।
এই নরওয়েজিয়ান কোচ বলেন, ‘আমরা সবাই নিরপেক্ষ একটা ম্যাচেরই প্রত্যাশা করি। এরপরও মানুষ ভুল করলে সেটা মেনে নেয়া যায়। কিন্তু আমরা যে পেনাল্টি পেয়েছিলাম সেটায় পরিষ্কার ফাউল ছিল। আমার মনে হয়েছে ভিএআর অফিসে কেউ ঘুমিয়ে ছিল। সিদ্ধান্ত দেয়ার সময় ভিএআর অফিসে কারো কফি নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। যাতে কফি খেয়ে তিনি বলতে পারেন, ম্যাগুয়ারকে ফাউলই করা হয়েছে। মাঠের সিদ্ধান্ত মেনে খেলা চালিয়ে যান।’
তলানির দল ওয়েস্ট ব্রমের সঙ্গে পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড় থেকে পিছিয়ে পড়েছে ম্যানইউ। ২৪ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রেড ডেভিলরা। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।




