কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীর এলোপাথাড়ি গুলিতে ২ পুলিশ নিহত
পোস্ট ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে এক বিচ্ছিন্নতাবাদী। জম্মু কাশ্মীরের শ্রীনগরে বারজুল্লা এলাকায় শিব শক্তি মিষ্টির দোকানের সামনে এই ঘটনা ঘটে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সেই ভয়ঙ্কর ঘটনার ফুটেজ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চায়ের দোকানে পুলিশ সদস্য কনস্টেবল সোহেইল আহমেদ এবং মোহাম্মাদ ইউসুফকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। হামলাকারীকে ধরতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে বলে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি তার পরনের চাদরের মধ্যে লুকানো একটি স্বয়ংক্রিয় রাইফেল বের করে দুই পুলিশ সদস্যের দিকে গুলি ছুড়ছেন। কী ঘটল লোকজন তা বুঝে ওঠার আগেই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ভারতের গণমাধ্যমের খবরে জানা গেছে, ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন। এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। আটক ব্যক্তি কাশ্মীরের কোনো বিচ্ছিন্নতাবাদী দলের সঙ্গে যুক্ত শেষ খবর পর্যন্ত তা পরিষ্কার হয়নি। সূত্র: এনডিটিভি, কলকাতা২৪, এএনআই।




