করিমগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Published: 22 February 2021

অরুপ রায় , করিমগঞ্জ, ২২ ফেব্রুয়ারি : বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষায় লড়াই জারি রাখার শপথ নিয়ে করিমগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন।

একইসঙ্গে অন্য সব জনগোষ্ঠীর মাতৃভাষার মর্যাদা রক্ষায় গুরুত্ব করা হয় অনুষ্ঠানে।নিন্দা জানানো হয় বরাকে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা বাঙালি ঐক্যকে চূর্ণ করতে ধর্মকে সামনে নিয়ে আসার অপচেষ্টার। ধর্মের বিভাজন টেনে বাঙালিকে কোণঠাসা করে রাখার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে উপত্যকার হিন্দু-মুসলিম নির্বিশেষে সর্বস্তরের জনগণের উদ্দেশে আহ্বান জানান বঙ্গসাহিত্য সম্মেলনের পদাধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিরা।
সংগঠনের করিমগঞ্জ শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে শম্ভুসাগর উদ্যানে ভাষা শহিদ স্মারকস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এদিন সকালে।এর অব্যবহিত পর ভাষা শহিদ স্মারক প্রাঙ্গণে আয়োজক সংগঠনের শহর সমিতির সভাপতি সৌমিত্র পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন স্তরের পদাধিকারী সহ সমবেত বিশিষ্ট ব্যক্তিরা। উনিশে মে’র ভাষা শহিদরা ষাট বছর ধরে সরকারি স্বীকৃতি না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয় সভায়।

সংগঠনের করিমগঞ্জ জেলা সমিতির প্রাক্তন সভাপতি ড . সুধাংশুশেখর দত্ত বাঙালির ভাষা-সস্কৃতির মর্যাদা প্রয়োজনে ফের লড়াইয়ে অবতীর্ণ হতে সবাইকে প্রস্তুত থাকতে বলেন।শহর সমিতির প্রাক্তন সভাপতি আশুতোষ ভট্টাচার্য বাঙালি উৎপীড়ন বন্ধ না বরাক উপত্যকাকে স্বতন্ত্র রাজ্যে পরিণত করায় গুরুত্ব আরোপ করেন। কেন্দ্রীয় সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক সব্যসাচী রায় রাজ্যের মোট জনসংখ্যার ৩৫ শতাংশ হওয়া সত্ত্বেও বাঙালিরা সরকারের পক্ষ থেকে ন্যায়বিচার পান না বলে উল্লেখ করে অসন্তোষ প্রকাশ করেন।

বলেন,কর্পাস ফান্ড বন্টনের লক্ষ্যে আহূত দুটি অর্থবছরের দুটি সরকারি বৈঠকে কোনও বাংলাভাষী সংগঠন ডাক পায়নি।তাতে আছে সূক্ষ রাজনীতি। একে প্রতিরোধ করার পরামর্শ দেন তিনি। মানুষের অধিকার রক্ষার প্রশ্নে বাঙালিকে বঞ্চিত করার কথায় যারা সাম্প্রদায়িকতা খুঁজে পান তাদের সম্পর্কে সকলকে সতর্ক থাকতে বলেন সব্যসাচী। মাতৃভাষা বাংলায় কথা বলতে বাধা দেওয়ার হীনমন্যতার নিন্দা জানান করিমগঞ্জ শহরতলি আঞ্চলিক সমিতির সভাপতি মাশুক আহমদ।

সব জনগোষ্ঠীর মাতৃভাষার মর্যাদা রক্ষায় গুরুত্ব আরোপ করেন তিনি।জেলা সমিতির প্রাক্তন সভাপতি ড. জন্মজিৎ রায়,শহর সমিতির বিদায়ী সভানেত্রী সুলেখা দত্তচৌধুরী,জেলা সমিতির উপসভাপতি অরবিন্দ পাল,শহর আঞ্চলিক সমিতির সম্পাদক নীলজকান্তি দাস, দুই সাংবাদিক মিহির দেবনাথ ও অরূপ রায়,জেলার বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য,ড. নির্মলকুমার সরকার,হরিকেশ ভট্টাচার্য,সুপ্রিয় দেব , লোপামুদ্রা চৌধুরী ,
ছাত্রদের মধ্যে জাকির হোসেন প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন।অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের করিমগঞ্জ জেলা সমিতির সভাপতি বিনোদলাল চক্রবর্তী,সম্পাদক নিশিকান্ত ভট্টাচার্য,শহর সমিতির উপসভাপতি দেবব্রত ভট্টাচার্যপ্রমুখ ।এর পর দিনব্যাপী সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। নাচে ,গানে কবিতায়,সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ।