হুতিদের বিস্ফোরকবোঝাই ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির
পোস্ট ডেস্ক : সৌদি আরবকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া বিস্ফোরকবোঝাই ছয়টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরা গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবে হামলা জোরদার করেছে। একই সঙ্গে তারা ইয়েমেনে সৌদিসমর্থিত সরকারের উত্তরাঞ্চলীয় শক্তঘাঁটি মারিব দখলেও হামলা শুরু করেছে। খবর আরব নিউজের।
সৌদি জোট জানিয়েছে, তারা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশায়েত শহরের চারটি, জাজান শহরে একটি এবং উত্তরাঞ্চলে ছোড়া হুতিদের আরও একটি ড্রোন শনিবার প্রতিহত করেছে।
এ ছাড়া গত শুক্রবার খামিস মুশায়েত শহরের চালানো একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলাও প্রতিরোধ করেছে সৌদি সামরিক জোট।
তাৎক্ষণিকভাবে হুতিরা এসব হামলার দায় স্বীকার করেনি। তবে রাজধানী রিয়াদকে লক্ষ্য করে তারা প্রায়ই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে থাকে।
ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ফুটেজ রাষ্ট্রীয় টেলিভিশন প্রচার করেছে সৌদি আরব।




