সিলেটের দক্ষিণ সুরমায় মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

Published: 28 February 2021

সিলেট অফিস : সিলেটের দক্ষিণ সুরমার তোরখলা থেকে এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণ করে ৮ যুবক।

এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে শনিবার মোগলাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে।

রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, সিলেটের বিশ্বনাথের মাতাবপুর গ্রামের চেরাগ আলীর ছেলে মুহিবুর রহমান (৩৭) ও খালপাড় এলাকার সোনা মিয়ার ছেলে আদিলকে (২২)।

পুলিশ জানায়, গত ২০ ফেব্রুয়ারী নবম শ্রেণির এক ছাত্রী (১৪) বই আনার জন্য মোগলাবাজারের তোরখলা ইসলামিয়া বালিকা মাদ্রাসায় পায়ে হেটে যাচ্ছিল। মাদ্রাসার সামনে পৌঁছামাত্র সিএনজি অটোরিকশা চালক মুহিবুর রহমান জোরপূর্বক তাকে গাড়ীতে তুলে অচেতন করে ফেলে। এরপর ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয় জালালাবাদ থানাধীন খালপাড়স্থ আদিলের দোকানের পেছনের একটি কক্ষে। সেখানে আটকিয়ে রেখে ওই ছাত্রী (১৪) কে পালাক্রমে ৮ জন ধর্ষণ করে। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে।

পরে মেয়েকে অপহরণের নাটক সাজিয়ে মাদ্রাসাছাত্রীর বাবার নিকট মুক্তিপণের জন্য ৩ লাখ টাকা দাবি করে অভিযুক্তরা। পরে কিশোরীর পরিবার পুলিশের সহযোগীতায় তাকে উদ্ধার করেন। সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসাধীন আছে।