দুই নূরের আলোয় কি আলোকিত হবে বিয়ানীবাজার?
।। এম.হাসানুল হক উজ্জ্বল ।।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গেল সাপ্তাহের শেষ দিকে যোগদান করেছেন আশিকুন নূর। আর এর কয়েক মাস আগে সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন মুশফিক উন নূর।
বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তার বাড়ীও সিলেট বিভাগে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়ী সুনামগঞ্জ জেলায় আর সহকারী কমিশনার ভূমি’র বাড়ী হবিগঞ্জ জেলায়।
যদিও সহকারী কমিশনার হিসেবে মুশফিক উন নূর যোগদানের পর থেকে তাকে নিয়ে নানা কথা রয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প-২ এর ভূমি বরাদ্দ নিয়েও নানা কথা উঠেছিল তার বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত পৌরসভা এলাকার ভূমিহীনদের তালিকা রদবদল করে কিছুটা হলেও তিনি তা থেকে মুক্তিপান। যদিও এ জন্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ জন্য দায়ী করা হয়েছিল।
সহকারী কমিশনার (ভূমি) মুশফিক উন নূরের বিরুদ্ধে ভূমি মিউটেশনের ক্ষেত্রেও নানা অভিযোগ রয়েছে। প্রবাসী অধ্যূষিত বিয়ানীবাজারের ভূমি মালিকদের আইনী ফাঁক ফোঁকরের বেড়াজালে ফেলে অনেক ক্ষেত্রে মিউটেশন না করে ফিরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে খোঁদ তার অফিসের সংশ্লিষ্টদের মধ্যেও কানাঘুষা রয়েছে। তবে চাকুরীর ভয়ে কেউ টু শব্দ করতে রাজি হচ্ছেন না।
এদিকে নতুন ইউএনও যোগদান করার পর থেকে বিয়ানীবাজারবাসী আশার আলো দেখতে শুরু করেছেন। সিলেটের সন্তান সিলেটের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে অনেকের প্রত্যাশা।
এ প্রসঙ্গে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, যেহেতু বিয়ানীবাজার উপজেলায় এবার পুরুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছেন সেহেতু বিয়ানীবাজারের যে কোন উন্নয়নমূলক কর্মকান্ড সকলের সাথে পরামর্শ করে করবেন বলে আশাবাদী। তার মতে, আওয়ামীলীগ সভানেত্রী দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং গ্রামকে শহর হিসেবে উন্নীত করতে কাজ করে যাচ্ছেন। আর এসব বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভূমিকা সবচেয়ে বেশি। তাই বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন নূর সকলের সাথে মিলে ও পরামর্শের মাধ্যমে কাজ করবেন বলে আশাবাদী।
কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, জেনেছি বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমানগঞ্জের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার নেতৃত্বে সকল এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদী।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মুশফিক উন নূর যোগদান করার পর থেকে ভিন্ন কারণে দায়িত্ব পালনে অনেকেটা বেকায়দায় ছিলেন। পৌর এলাকার ভূমিহীনদের তালিকা তৈরীতেও তিনি অন্যের এজেন্টা বাস্তবায়ন করতে গিয়ে আলোচনায় আসেন।
নানা কারণে সমালোচিত ইউএনও মৌসুমী মাহবুবের বদলী, নতুন ইউএনও’র যোগদানকে বিয়ানীবাজারবাসী ইতিবাচক ভাবে দেখছেন।
তাই দুই নূরের আলোয় বিয়ানীবাজারবাসী আরেক ধাপ এগিয়ে যাবে। প্রশাসন হবে স্বচ্ছ, দূর্ণীতিমুক্ত এমনটাই প্রত্যাশা সকলের।




