অলকার গালটিপে তৃণমূল এমপি’র আদর!

Published: 10 March 2021

পোস্ট ডেস্ক : একটি অনুষ্ঠানে শ্রীরামপুরের তৃণমূল সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার পৌর প্রশাসক অলকা সেন মজুমদারের গালটিপে আদর করে দেন।

এরপরই ভিডিওটির ওই অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন হুগলির বিজেপি সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায়। তিনি লেখেন, ‘তৃণমূল করবে নারীদের ক্ষমতায়ন?’

ভিডিওতে দেখা গেছে, তৃণমূল সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ার প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বাঁকুড়া শহরের পৌর প্রশাসক সেন মজুমদার সাংবাদিক বৈঠক করতে বসেছেন। মধ্যমণি রয়েছেন সায়ন্তিকা দুইপাশে কল্যাণ এবং অলকা। এরই মাঝে কল্যাণ অলকার গাল ধরে টিপে আদর করেন। আর এই অংশটুকুই টুইটারে তুলে ধরেন বিজেপি সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায়।

লকেটের এমন ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেন কল্যাণ। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, অলকা আমার ছোট বোনের মতো, ওকে আমি ছোট থেকে চিনি। আমি বাঁকুড়ার ছেলে। অলকা আমার হাত ধরেই রাজনীতিতে এসেছিল।

এরপরই লকেটকে জবাব দিতে পুরো ভিডিও পোস্ট করেন তৃণমূল এমপি। যেখানে তাকে অলকাকে বোন বলে সম্বোধন করতে শোনা যায়। তার মাথাতে হাত বুলিয়ে দিতেও দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

বিজেপি সংসদ সদস্যের সমালোচনা করে তিনি বলেন ওর যা মন মানসিকতা তেমন ভাবেই তো সব দেখবে ভাইবোনের সম্পর্কটাই বোঝেন না। নিকৃষ্ট হলে যা হয়।