সৌদি আরবে শ্রমিকদের কাফালা ব্যবস্থায় পরিবর্তন

Published: 14 March 2021

পোস্ট ডেস্ক : কাফালা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে সৌদি আরব।

এরফলে এখন থেকে দেশটিতে থাকা বিদেশি শ্রমিকদের আর চাকরি পরিবর্তনে নিয়োগকর্তার অনুমতির দরকার পড়বে না। আরব নিউজ এমন ঘোষণাকে আখ্যায়িত করেছে শ্রম আইন সংস্কারের নতুন যুগ হিসেবে। নতুন এই সংস্কারের অধীনে বিদেশি শ্রমিকদের অধিকার লঙ্ঘনের লাগাম টানার চেষ্টা করছে সৌদি আরব। কাফালা ব্যবস্থা বাতিলের ফলে বিদেশি শ্রমিকদের নিজের ইচ্ছায় সৌদি আরবে যাওয়া ও সেখান থেকে চলে আসার স্বাধীনতা থাকবে। এতে তাদের নিয়োগকর্তা বা স্পন্সরের অনুমোদন লাগবে না। একইসঙ্গে সরাসরি সরকারি সেবার জন্যেও আবেদন করতে পারবেন তারা। ফলে নিয়োগকর্তার সঙ্গে কোনো ধরণের স¤পর্ক ছাড়াই বিদেশি শ্রমিকরা সৌদি আরবে অবস্থান করতে পারবে এবং নিজের পছন্দ মতো চাকরি পরিবর্তনের স্বাধীনতা পাবে।

এর আগে গত বছরের নভেম্বরে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ব্যাপক বিতর্কিত কাফালা ব্যবস্থায় সংশোধন আনার পরিকল্পনার কথা জানিয়েছিল। এই ব্যবস্থা ১৯৫০-এর দশকে প্রবর্তিত হয়। এ ব্যবস্থা অনুযায়ী নিয়োগকর্তা ও স্পন্সরের নির্দেশে চলতে বাধ্য হয় শ্রমিকরা। এমনকি তাদের অনুমতি ছাড়া সৌদি আরবে আসা-যাওয়াও করা যায় না। এককথায়, নিয়োগকর্তাই শ্রমিকদের ভিসা ও আইনি অবস্থান নিয়ন্ত্রণ করতেন।
তবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটিতে ব্যাপক সংস্কার আনার কাজ করছেন। এরই অংশ হিসেবে কাফালা ব্যবস্থায় পরিবর্তন আনা হলো। তেল নির্ভর অর্থনীতি থেকে বেড়িয়ে এসে বৈচিত্রপূর্ন অর্থনীতির দেশ হিসেবে সৌদি আরবকে গড়ে তুলতে চান তিনি। নতুন এই সংস্কার বিদেশিদের সৌদি আরবে কাজ করতে যেতে আগ্রহী করে তুলবে।
উপসাগরীয় দেশগুলোতে কাফালা ব্যবস্থা বাতিল নিয়ে দীর্ঘদিনে ধরেই আলোচনা হচ্ছে। এর মধ্যে কাতার এ ব্যবস্থায় কিছুটা সংস্কার এনেছে। দেশটিতে কর্মরত বিদেশি শ্রমিকরা নিয়োগকর্তার অনুমোদন ছাড়াই দেশত্যাগ করতে পারেন।