কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন
পোস্ট ডেস্ক : কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি শাখার বর্ষপূর্তি বুধবার।

আর এদিন সকালেই আগুন লাগলো এই ভবনের পাঁচতলায়। পাচঁতলাটি কোভিড ওয়ার্ড হিসেবে নির্ধারিত। গোটা ভবনে মোট ৩০ জন কোভিড রোগী আছেন। এর মধ্যে ১০ জন ছিলেন পাঁচতলার কোভিড ওয়ার্ডে। কর্মীরা দ্রুত তাদের অন্য ওয়ার্ডে সরিয়ে তাদের প্রাণ বাঁচান। আগুন তখন লেলিহান শিখা ধারন করেছে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে।
এই প্রতিবেদন পাঠানোর সময় আরো দমকল এসে পৌঁছেছে মেডিকেল কলেজে। দমকলের এক উচ্চপদস্থ অফিসার মানবজমিনকে জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। সকালে মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি শাখার পাঁচতলার কর্মীরা প্রথম প্লাগ পয়েন্টে আগুন দেখতে পান। তারপরই আগুন ছড়িয়ে পড়ে কোভিড ওয়ার্ডে। সময়মতো হস্তক্ষেপে প্রাণ বাঁচলো ১০ করোনা আক্রান্ত রোগীর।




