যুক্তরাজ্যে স্কুলের ক্লাসে মোহাম্মদ (সাঃ)-এর কার্টুন প্রদর্শন, উত্তেজনা
পোস্ট ডেস্ক : যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে একটি স্কুলের ক্লাসে শিক্ষার্থীদের হযরত মোহাম্মদ (সাঃ)-এর কার্টুন দেখানো হয়েছে।

এ ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে স্কুলে অভিভাবকদের মাঝে উত্তেজনা দেখা দেয় এবং তারা জড়ো হয়ে প্রতিবাদ করতে থাকেন। মুসলমানদের মাঝে উত্তেজনা ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি গত সোমবার ওয়েস্ট ইয়র্কশায়ারে ব্যাটলি গ্রামার স্কুলে ঘটে। এ খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার প্রায় অর্ধশতাধিক অভিভাবক জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় স্কুলের কাছাকাছি সড়ক কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
পরে প্রধান শিক্ষক গ্যারি কিবলে ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলেন, তদন্ত না হওয়া পর্যন্ত তাকে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তিনি আরো বলেন, স্কুলের প্রতিনিধিত্বকারী সকল সম্প্রদায়ের লোকদের নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা তাদের কাছে বড় ধরনের অপরাধ করার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। তবে অভিভাবকরা শান্তিপূর্ণ বিক্ষোভের পাশাপাশি শিক্ষকের স্থায়ীভাবে বরখাস্ত দাবি করেছেন।




