রোজা রাখছেন ব্রাহ্মণের ছেলে!
পোস্ট ডেস্ক : রমজানে রোজা রেখেছেন ভাস্বর চট্টোপাধ্যায়। ১৩ এপ্রিল থেকে শুরু হয়েছে রমজান। চলবে ১২ মে পর্যন্ত।

ভাস্বর জানিয়েছেন, ১ মাসের এই বিশেষ উপবাস নিষ্ঠার সঙ্গে পালন করছেন তিনি। কেন? ভাস্বরের যুক্তি, ‘মন থেকে চাই হিন্দু-মুসলিম এক হোক। এক সঙ্গে সবাই সব পরব মানুন’।
একই সঙ্গে তাঁর প্রথম রোজা উৎসর্গ করেছেন কাশ্মীরিদের জন্য, আর ইন্ডাস্ট্রিতে কাজ করা সমস্ত মুসলিম মেকআপ আর্টিস্টদের। তাঁর কথায়, ‘আমাদের ইন্ডাস্ট্রির অনেক মুসলিম মেকআপ আর্টিস্ট, ড্রেসার রোজা রেখে কাজ করেন দিনের পর দিন। আমি না হয় আমার মতো করে ওদের প্রতি আমার ভালোবাসা, সম্মান ফেরত দিলাম!’
অনেক দিন ধরেই কাশ্মীরি ভাষা শিখছেন অভিনেতা। সম্প্রতি, নেটমাধ্যমে ওই ভাষায় রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। কাশ্মীরি ভাষায় গানও গেয়েছেন। যা শুনে আপ্লুত সেখানকার বিখ্যাত শিল্পী ইশফক কাওয়া।
ভাস্বরের কথায়, ‘ইনস্টাগ্রামে কাওয়া নিজে যোগাযোগ করেন। কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন।’ শুধু দুই ধর্মের মানুষের মিলনই কাম্য নয় অভিনেতার। ভারত-পাকিস্তানের দ্বন্দ্বও মেটাতে চান তিনি। ‘দেশভাগ আমায় বরাবর কষ্ট দেয়’ দাবি ভাস্বরের। সেই অনুভূতি থেকেই দূরত্বের অবসান চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্প্রতি টুইট করেছেন তিনি।
ভাস্বর ব্রাহ্মণ। রোজা রাখায় বাবা, পরিবারের বাকি সদস্যরা আপত্তি জানাননি? অভিনেতার স্পষ্ট জবাব, ‘আমার উপোস বাবার নাপসন্দ। পরব মানা নয়।’ ভাস্বরের জানান, লোকনাথ বাবা নিজেও নাকি কোরআন পাঠ করতেন। তিনি বললেন, ‘লোকনাথ বাবার এই আচরণ আমায় ছুঁয়ে গিয়েছিল। তাঁর থেকে অনুপ্রাণিত হয়েই আমার এই পদক্ষেপ’।




