সেনাবাহিনীকে তলব করেছেন ইমরান খান

Published: 24 April 2021

পোস্ট ডেস্ক :

করোনাভাইরাস পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থাগুলো বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনীকে তলব করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আরো সতর্কতা দিয়ে বলেছেন, যদি ভয়াবহ এই সংক্রমণ নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে বড় বড় শহরে লকডাউট আরোপ করা হবে। ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি দৃশ্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমন অবস্থায় তিনি ভয়াবহ এ সতর্কতা উচ্চারণ করেছেন। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, ভারত এখন অক্সিজেন সঙ্কটে হাবুডুবু খাচ্ছে। ওষুধের সঙ্কট দেখা দিয়েছে। সমাধিক্ষেত্রগুলো লাশে উপচে পড়ছে।

এ অবস্থায় শুক্রবার রাজধানী ইসলামাবাদে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটির (এনসিসি) বৈঠকের পর টেলিভিশনে দেয়া এক ভাষণে ইমরান খান বলেন, আপনাদের প্রতি আমি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করার আহ্বান জানাই। ভারত যেসব ব্যবস্থা নিয়েছে আমরা সেটা করিনি। ভারতে অনেক শহর লকডাউন করা হয়েছে। কিন্তু অর্ধেক সমস্যা সমাধান করা যায়, যদি আপনারা মুখে মাস্ক পরেন।

উল্লেখ্য, ভয়াবহ করোনা সংক্রমণে ভারতে এখন এক ‘সুপার স্টর্ম’ চলছে। বিশ্বের মধ্যে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ভারতের। প্রথম দফা সংক্রমণ কমে আসার পর আগেই সরকারের বিজয় ঘোষণাকে অনেকেই দোষ দিচ্ছেন। ইমরান খান বলেন, ভারতের মতো যদি পাকিস্তানের অবস্থার অবনতি হয়, তাহলে অনেক শহরে লকডাউন দিতে হবে, যা আমরা চাই না। কারণ, এমন লকডাউন আমাদের সামর্থ্যরে মধ্যে নেই। এই কারণে নেই যে, অনেক দরিদ্র শ্রমিক, দিনমজুর আছেন। লকডাউন দিলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তিনি আরো জানান, তার উপদেষ্টাদের অনেকেই কতগুলো, কমপক্ষে বড় শহরে অবিলম্বে লকডাউন দেয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু তিনি তা উপেক্ষা করেছেন। এ সময় তিনি প্রথম দফা করোনা সংক্রমণে মানুষ যেভাবে ধৈর্য্য, প্রতিশ্রুতি এবং দায়িত্বের পরিচয় দিয়েছিল তিনি তা প্রদর্শনের আহ্বান জানান। বলেন, আমি বুঝতে পারি করোনার কারণে কি রকম অবসন্নতা চলে এসেছে। কিন্তু আমরা নিয়ম ভাঙার সামর্থ রাখি না। এই ভয়াবহ ভাইরাসের জোয়ার থামাতে জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কতদিন এই মহামারি থাকবে সেটা নির্ভর করে জনগণের সহযোগিতার ওপর।

ইমরান খান আরো বলেন, পাকিস্তানই একমাত্র দেশ, যে করোনার কারণে গত রমজানে কোনো মসজিদ বন্ধ রাখেনি। ধর্মীয় নেতারা করোনার বিধিবিধান সম্পর্কে জনগণের মধ্যে যেভাবে সচেতনতা ছড়িয়ে দিয়েছেন তা গর্বের। জনগণ যখন আত্মতুষ্টিতে ভুগছে তখন ইমরান খান পাকিস্তান সেনাবাহিনীকে তলব করেছেন। তারা বেসামরিক প্রশাসনকে করোনা বিষয়ক নিয়মকানুন মানাতে সহায়তা করবেন। তিনি আরো বলেন, লোকজন যখন করোনা ভাইরাস সম্পর্কিত বিধিবিধান অনুসরণ করা শুরু করবে তখন দ্রুতই করোনা সংক্রমণ কমে আসবে বলে আশা করা হয়।