গোটাটিকরে “নারীর প্রতি সহিংসতা রোধ ও বিট পুলিশের ভূমিকা” শীর্ষক সভা অনুষ্ঠিত

Published: 27 May 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


সিলেট এসএমপি মোগলাবাজার থানার আলমপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে নগরীর ২৭নং ওয়ার্ডের গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে “নারীর প্রতি সহিংসতা রোধ ও বিট পুলিশের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোটাটিকর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ খালেদ নুরুল হোসেন এর সভাপতিত্বে ও আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সদস্য সুমন আহমদ চৌধুরী ও গীতা পাঠ করেন সিপু কুমার দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এসএমপির মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার শাহাজাহান ভূইয়া।এ সময় তিনি বলেন,”নারীর প্রতি সহিংসতা রোধ আমাদের নিজেদের পরিবার থেকে শুরু করতে হবে। সমাজে আমরা নারীর প্রতি বিভিন্নভাবে নির্যাতনের খবর পাই,কেউ কেউ গ্রাম থেকে ফুসলিয়ে বিদেশে নারী পাচার করে থাকে। সেখানে তাদের উপর যে নির্যাতন হয়ে থাকে তা জাতি হিসেবে শুনতে লজ্জাজনক।

তিনি আরো বলেন, সমাজে মাদক ও জুয়া সংক্রামক ব্যাধি, আপনাদের বক্তব্য থেকে জানতে পেয়েছি অপরাধীরা বাইরে থেকে এসে এই এলাকার বিভিন্ন কলোনিতে অবস্থান করে এই এলাকার পরিচয় দেয়। বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে তখন এই এলাকার নাম ব্যবহার করে। কলোনির মালিকরা তাদের ভাড়াটিয়াদের সঠিক তথ্য রাখার আহবান জানান । ”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজম খাঁন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক ছয়েফ খাঁন, আওয়ামীলীগ নেতা মোস্তাক খাঁন,এনামুল হক, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি বাবর আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও পালপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হাছিব, বিশিষ্ট সমাজসেবী নাজিম উদ্দীন, যুবলীগের ওয়ার্ড সহ সভাপতি মুমিনুল হক বকুল, সমাজসেবী মাসুম আহমদ, ইউএনডিপি নারী নেত্রী পান্ন বেগম, ব্যবসায়ী রাসেল আহমদ, সমাজসেবী মুজিবুর রহমান মুকুল।

সভায় বক্তারা এলাকায় বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন এবং এই সব সমস্যা সমাধানে পুলিশের সাথে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।