বিশ্বে মাংস প্রক্রিয়াকরণের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে সাইবার হামলা, উৎপাদন বন্ধ
পোস্ট ডেস্ক :

মাংস প্রক্রিয়াকরণ বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি জেবিএস-এ সাইবার হামলা হয়েছে। এর ফলে তাদের কমপিউটার নেটওয়ার্ক হ্যাক হয়ে যায়। এতে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রে তাদের কর্মকাণ্ড সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। ফলে এর সঙ্গে জড়িত কয়েক হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কাস্টমাররাও। হোয়াইট হাউস বলেছে, জেবিএস মনে করছে এই হামলা চালানো হয়েছে একটি ক্রিমিনাল গ্রুপ থেকে। তাদের অবস্থান হতে পারে রাশিয়াভিত্তিক। তারা হয়তো অর্থ দাবি করে এই হামলা করে থাকতে পারে।
এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়েছে, এই সাইবার হামলার কারণে কাস্টমারদের জন্য মাংসের সঙ্কট সৃষ্টি হতে পারে অথবা মূল্য বেড়ে যেতে পারে। এমন হামলায় হ্যাকাররা কমপিউটার নেটওয়ার্কে প্রবেশ করে অর্থ দাবি করে। দাবি করা অর্থ না দেয়া পর্যন্ত তারা কমপিউটার নেটওয়ার্কে কর্মকাণ্ড বিঘ্নিত করার হুমকি দেয়। আবার ফাইলগুলো মুছে দেয়ারও হুমকি দিয়ে থাকে।
হোয়াইট হাউজ বলেছে, এ নিয়ে তদন্ত করছে এফবিআই। হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জ্যাঁ-পিয়েরে মঙ্গলবার বলেছেন, হোয়াইট হাউজকে এ বিষয়ে অবহিত করেছে জেবিএস। তারা বলেছে, রাশিয়াভিত্তিক এমন একটি ক্রিমিনাল সংগঠন হামলা চালিয়ে অর্থ দাবি করেছে। এ নিয়ে রাশিয়া সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে হোয়াইট হাউজ। তাদেরকে বার্তা দেয়া হয়েছে যে, দায়িত্বশীল একটি রাষ্ট্র, এমন অর্থ দাবি করা অপরাধীদের আশ্রয় দিতে পারে না।
জেবিএস বলেছে, হামলার পর সমস্যা অনেকটাই সমাধান করে ফেলেছে তারা। তাদের আশা আজ বুধবারের মধ্যে তাদের বেশিরভাগ কর্মকাণ্ড শুরু হয়ে যাবে। এর আগে সোমবার তারা জানায়, হামলার ঘটনা টের পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আক্রান্ত সব আইটি সিস্টেম বন্ধ করে দেয়। তাদের ব্যাকআপ সার্ভার হ্যাক হয়নি। ওদিকে জেবিএস কোম্পানির শ্রমিকদের সংগঠন ইউনাইটেড ফুড অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্কার্স ইউনিয়ন শ্রমিকদের পাওনা পরিশোধ করার আহ্বান জানিয়েছে কোম্পানির প্রতি।
উল্লেখ্য, বর্তমান প্রক্রিয়ায় মাংস প্রক্রিয়াকরণ স্থাপনায় আইটি সিস্টেম অত্যাবশ্যকীয়। এ পদ্ধতিতে মাংস প্রক্রিয়াকরণ, বিলিং এবং শিপিংয়ে ব্যবহার করা হয় কমপিউটার। বিফ সেন্ট্রাল নামের ট্রেড গ্রুপের মতে, জেবিএস বন্ধ থাকার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যেসব কাস্টমার তার মধ্যে আছে সুপারমার্কেট, ম্যাকডোনাল্ডের মতো প্রতিষ্ঠান। কারণ, তারা বার্গারে মাংস ব্যবহার করেন। জেবিএসের গরুর মাংসের সবচেয়ে বড় ৫টি কেন্দ্রই যুক্তরাষ্ট্রে। কিন্তু হ্যাক হওয়ার পর কর্মকাণ্ড বন্ধ থাকায় তাদের মাংস উৎপাদন এক পঞ্চমাংশ কমে গেছে। অস্ট্রেলিয়া ও কানাডায় তাদের মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোও আক্রান্ত হয়েছে। তবে দক্ষিণ আমেরিকায় তাদের কর্মকাণ্ডে কোন বিঘœ ঘটেনি।




