সোমালিয়ার রাজধানীতে সন্ত্রাসী হামলায় ১৫ সেনা নিহত
পোস্ট ডেস্ক :

সোমালিয়ায় একটি সেনা প্রশিক্ষণ ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ সেনা সদস্য। দেশটির রাজধানী মোগাদিসুতে মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটেছে। দেশটির সেনাসূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
নিহতদের সকলেই সদ্য নিয়োগ হওয়া সেনা সদস্য। ঘটনায় আহতদের নিকটস্থ মদিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। গত ১৮ মাসের মধ্যে সোমালিয়ার রাজধানীতে এটিই সবথেকে ভয়াবহ সন্ত্রাসী হামলা। সাধারণত হোটেল ও নিরাপত্তা বাহিনীর চৌকিগুলো টার্গেট করেই দেশটিতে হামলা হয়ে থাকে।
এর আগে ২০১৯ সালে একটি গাড়ি বোমা হামলায় ৮১ জন নিহত হয়েছিল দেশটির রাজধানীতে। এটি হয়েছিল একটি হোটেলকে টার্গেট করে।
গত ৩০ বছর ধরেই অস্থিতিশীল হয়ে আছে সোমালিয়া। গৃহযুদ্ধ, গোষ্ঠিতে গোষ্ঠিতে হামলা, সশস্ত্র সন্ত্রাসবাদ, দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিতিশীলতায় ভুগছে দেশটি।




