যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১২ তলা ভবন ধসে নিহত ১, নিখোঁজ ৯৯

Published: 25 June 2021

পোস্ট ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অঙ্গরাজ্যে একটি ১২ তলা ভবন ধসে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৯৯ জন। বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির মায়ামির পার্শ্ববর্তী সার্ফসাইড এলাকায় এ ঘটনা ঘটে। কর্মকর্তারা বলছেন, উদ্ধার তৎপরতা চলছে। কর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন মানুষকে জীবিত উদ্ধার করতে। অনেকেই নিচে আটকে আছেন।

জানাগেছে, যে ভবনটি ধসে গেছে সেটি আবাসিক ভবন; যারা নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে কমপক্ষে ১৮ জন লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। বিবিসি বলছে, ৪০ বছরের এই পুরনো ভবনটি কেন ধসে পড়েছে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন ১০২ জন মানুষ ওই ভবনটিতে থাকতেন। তবে এটি ধসে পড়ার সময় ভেতরে কতজন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। বেশ কিছু মানুষকে উদ্ধার করে এরই মধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মায়ামি-ডেড কাউন্টির ডেপুটি কমিশনার সেলি হেইম্যান বলেন, এই ভবনে অনেকেই স্থায়ীভাবে বসবাস করতেন। আবার কেউ কেউ শীতের সময় এসে সেখানে থাকতেন।

ভবনটি নির্মাণ করা হয়েছিল ১৯৮০ সালে। এতে ১৩০টি ইউনিট ছিল। এই ধসের কারণে অর্ধেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিনির্বাপণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।