কলম্বিয়ার প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে গুলি
পোস্ট ডেস্ক :

ভেনিজুয়েলা সীমান্তের কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকে’কে বহনকারী হেলিকপ্টারে বন্দুক থেকে গুলি করা হয়েছে। নর্টে ডি স্যান্টান্ডার প্রদেশের কুকুটার উদ্দেশে আকাশে উড়েছিলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও ওই প্রদেশের গভর্নর। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেছেন, গুলিতে কেউই আহত হননি। এ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ডুকে। তিনি বলেছেন, সন্ত্রাসী কর্মকা- বা সহিংসতা দিয়ে তাকে ভীতসন্ত্রস্ত করা যাবে না। টুইটারে এক ভিডিও পোস্টে তিনি বলেন, আমার রাষ্ট্র শক্তিশালী এবং কলম্বিয়া এমন হুমকি মোকাবিলা করবে দৃঢ়তার সঙ্গে।
এ ঘটনার নেপথ্যে দায়দের খুঁজে বের করতে নির্দেশ দেয়া হয়েছে নিরাপত্তা রক্ষাকারীদের। স্থানীয় সেমানা পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, হেলিকপ্টারটি ঠিক যখন অবতরণ করতে যাবে, তখন তার ইঞ্জিনে কিছু এসে আঘাত করার শব্দ শুনতে পান ভিতরের সবাই।
উল্লেখ্য, কাটাটুম্বো অঞ্চলে- যা কলম্বিয়া ও ভেনিজুয়েলা সীমান্তজুড়ে, সেখানে কর্মকা- পরিচালনা করে বামপন্থি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)। এটি প্রতিষ্ঠা হয় ১৯৬৪ সালে। তারা ওই অঞ্চলে ভূমি এবং সম্পদের সম অধিকারের দাবিতে লড়াই করছে। সেখানে সবচেয়ে বড় বিদ্রোহী গ্রুপ হলো এই ইএলএন। তাদেরকে কলম্বিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
এ মাসের শুরুর দিকে কুকুটায় একটি সামরিক ঘাঁটিতে গাড়িবোমা হামলা হয়। এতে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইএলএন। ওই হামলায় আহত হয়েছেন ৩৬ জন। এর মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের দু’জন সামরিক উপদেষ্টা।




