সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের ২ প্রবাসী নিহত

Published: 26 June 2021

গোলাপগঞ্জ সংবাদদাতা :

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের ২ প্রবাসী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে সৌদি আরবের জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ৪ জন প্রবাসী গুরুতর আহত হন। তাদের সাথে থাকা ইমামুল ইসলাম নামের এক প্রবাসী বিষয়টি নিশ্চিত করেন।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের আবু বকর মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩০) ও একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হরমুজ আলী (৪৫)। আহতরা হলেন, কালিকৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল আলিম (৪৮), ইসলামপুর গ্রামের তাহের মিয়ার ছেলে জাকির হোসেন (৫০), কালিকৃষ্ণপুর গ্রামের ছাদিকুর রহমান (২৩) ও সাইকুল ইসলাম (২৩)।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে সৌদি আরবের জেদ্দা থেকে কাজ করে ফেরার পথে ট্যাংক লরির সাথে মাইক্রোবাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রবাসী আনোয়ার হোসেন ও হরমুজ আলী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আরো ৪ জন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালের আইসিইউতে রয়েছেন।