হ্যানকক কাণ্ড স্ত্রী মার্থার ভয়াবহ এক রাত
পোস্ট ডেস্ক :

ব্রিটেনের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক অন্য নারীর প্রেমে জড়িয়ে পড়বেন তা স্ত্রী মার্থার কল্পনায় ও আনতে পারেন নি। কিন্তুু বৃহস্পতিবার রাতটা কাল হয়ে এসেছিল মার্থার জীবনে। তার কোনো ধারণাই ছিল না যে, তার স্বামী তাকে রেখে অন্য নারীর সাথে প্রেমে জড়াবেন। এ খবরটি নিজেই দিয়েছেন ম্যাট হ্যানকক।
মার্থার কাছে খবর জানিয়ে বলেছেন, তাদের বিবাহিত সম্পর্ক শেষ হয়ে গেছে। আর তারা এক ছাদের নিচে থাকতে পারবেন না। ব্রিটেনের দ্য সান পত্রিকা গিনা কোলাডেঞ্জেলোর সঙ্গে চুম্বনরত ম্যাট হ্যানককের ভিডিও, ছবি প্রকাশ করে দিয়েছে ততক্ষণ। এ খবর এক সহযোগীর মাধ্যমে জানতে পেরে পড়িমড়ি করে বাসায় ছুটে যান ম্যাট। এরপরই স্ত্রী মার্থার কাছে ‘বোমার’ মতো নিক্ষেপ করেন এ খবর।
বলেন, আমার মনে হচ্ছে আমাদের বিবাহিত জীবন শেষ হয়ে গেছে। একই সময়ে তিনি সবচেয়ে ছোট ৮ বছর বয়সী সন্তানকে পর্যন্ত ডেকে তোলেন। তাকেও এ খবরটি জানিয়ে দেন। এরই মধ্যে ব্রিটেনসহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ম্যাটের চুম্বনরত ওই ভিডিও, ছবি এবং এর সঙ্গে রমরমা সব কাহিনী। সঙ্গে সঙ্গে ব্রিটেনে সরকারি ও বিরোধী দল তার পদত্যাগ দাবিতে সোচ্চার হয়ে ওঠে। বাধ্য হয়ে শনিবার পদত্যাগ করেন ম্যাট হ্যানকক। এতে তিনি পরিবারের সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে স্ত্রী মার্থার সঙ্গে ১৫ বছর ধরে দাম্পত্য জীবন কাটালেও ওই পদত্যাগপত্রে স্ত্রীর নাম একবারও উল্লেখ করেননি। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, নির্দেশনা ভঙ্গ করার জন্য আমি বার বার ক্ষমা চাই। ক্ষমা চাই আমার পরিবার এবং প্রিয়জনদের কাছে। এই সময়ে আমার সন্তানদের কাছে থাকা প্রয়োজন।
ম্যাট হ্যানককের মিত্ররা বলছেন, ম্যাট হ্যানকক এবং তার নারী সহকর্মী গিনা কোলাডেঞ্জেলোর মধ্যে ‘লাভ ম্যাচ’ গড়ে উঠেছে। তারা এখন নতুন সংসার করার পরিকল্পনা করছেন। ম্যাট হ্যানককের নিজের নির্বাচনী আসন সাফোক। সেখানকার জনগণ এ খবর শুনতে পেয়ে ক্ষুব্ধ। আগামী নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গিনা নামের ওই যুবতীর প্রেমের সম্পর্ককে সাম্প্রতিক, তবে সিরিয়াস বলে বর্ণনা করেছেন তার বন্ধুরা। খবর ছড়িয়ে পড়ার পর নিজের বাড়ি ছেড়ে মার্থা হ্যানকককে বাইরে হেঁটে বেরিয়ে যেতে দেখা গেছে। তবে তখনও তার হাতে ছিল বিয়ের আংটি। তিনি তিন সন্তানের মা।
এ সময় তিনি ছিলেন ফুলেল একটি ড্রেস পরা। চোখে ছিল কালো সানগ্লাস। প্রত্যক্ষদর্শীদের দিকে তাকিয়ে তিনি বেদনাভারাক্রান্ত হাসি দিয়েছেন। শনিবার বাসার সামনের দরজার পাশে একজন ডেলিভারিম্যান স্থানীয় সময় ঠিক ১০টার পর গ্লাসের ভিতর রাখা একগুচ্ছ ফুল রেখে গেছেন।




