ভারতে করোনায় দৈনিক মৃত্যু কমছে

Published: 28 June 2021

পোস্ট ডেস্ক :


ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি দুই লাখ ৭৯ হাজার ৩৩১ জন এবং মারা গেছে তিন লাখ ৯৬ হাজার ৭৬১ জন।

দেশটিতে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। আজ সোমবার ৫০ হাজারের নিচে করোনা শনাক্ত হয়েছে সে দেশে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় সে দেশে ৪৬ হাজার ১৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে সে দেশে শনাক্ত হয়েছে। আজ সে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। এ বছরের ১৩ এপ্রিলের পর এই প্রথম ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু এক হাজারের নিচে নামল।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮ কোটি ১৮ লাখ ৬৬ হাজার ৭২৬ জন এবং মারা গেছে ৩৯ লাখ ৩৮ হাজার ৮৬৮ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৬ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার ৬৩৬ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ১৫ লাখ ৪২ হাজার ২২২ জন।