যুদ্ধবিধ্বস্ত টাইগ্রে অঞ্চলে দুর্ভিক্ষের কবলে ৪ লক্ষাধিক মানুষ

Published: 3 July 2021

পোস্ট ডেস্ক :


ইথিওয়িপার যুদ্ধবিধ্বস্ত টাইগ্রে অঞ্চলে চার লক্ষাধিক লোক দুর্ভিক্ষের কবলে রয়েছে। জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা শুক্রবার এ বিষয়ে সতর্ক করেন। একইসঙ্গে তিনি আট মাসের নৃশংস সহিংতার শিকার আরো লাখ লাখ লোককে জরুরি মানবিক সহায়তা দেওয়ার আবেদন জানান।

টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ও সরকারি বাহিনীর মধ্যে গত নভেম্বর থেকে শুরু হওয়া সংঘর্ষে এরই মধ্যে হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এ ছাড়া ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। চলসি সপ্তাহে ইথিওপিয়ান বাহিনী দুটি সেতু ধ্বংস করেছে। ওই অঞ্চলে ত্রাণ সরবরাহে সেতু দুটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে আদ্দিস আবাবার বিরুদ্ধে মানবিক সহায়তা প্রদানে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। যদিও দেশটি এ অভিযোগ অস্বীকার করেছে।

শুক্রবার জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান রমেশ রাজাসিংহাম নিউইয়র্কে এক বৈঠকে নিরাপত্তা পরিষদকে জানান, সাম্পতিক সপ্তাহগুলোতে টাইগ্রের অবস্থা নাটকীয়ভাবে খারাপ হয়েছে। দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেখানে। ৪ লাখেরও বেশি লোক দুর্ভিক্ষে কবলিত হয়েছে। আরো ১ দশমিক ৮ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। অনেকে বলছেন, এই সংখ্যাটি আরো বেশি হবে পারে। ৩৩ হাজার শিশু মারাত্মকভাবে অপুষ্টির শিকার।