আফগানিস্তানের দায়িত্ব যুক্তরাষ্ট্রের নয় : বাইডেন

Published: 9 July 2021

পোস্ট ডেস্ক :


আফগানিস্তানের দায়িত্ব সে দেশের নেতাদেরই নিতে হবে বলে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজে তিনি বলেন, আফগান নেতাদেরই একসঙ্গে আলোচনা করে নয়া আফগানিস্তানের রূপরেখা তৈরি করতে হবে। যুক্তরাষ্ট্র আর আফগানিস্তানের দায়িত্ব নেবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে ডয়চে ভেলে। বক্তব্যে আগামি ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে পুনরায় নিশ্চিত করেছেন জো বাইডেন। আসছে আগস্ট মাসেই মার্কিন সেনারা দেশে ফিরে যাবে। এরইমধ্যে বেশিরভাগ সেনা আফগানিস্তান ছেড়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য বিদেশি সেনারাও আফগানিস্তান ছাড়তে শুরু করেছে।

বাইডেনের বক্তব্য, তিনি তালেবানকে বিশ্বাস করেন না। কিন্তু কাবুলের সরকার এবং প্রশাসনকেই তালেবানের মোকাবিলা করতে হবে। মার্কিন সাহায্যে তৈরি কাবুলের সরকারের হাতে এখনও সে ক্ষমতা আছে বলে তিনি মনে করেন। মার্কিন সেনা চলে গেলে তালেবান আফগানিস্তান দখল করবে, এমনটা অবশ্যম্ভাবী বলে মনে করেন না বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, এর আগে কোনো দেশ দেশ আফগান নেতাদের এক করতে পারেনি। সকলকে একসঙ্গে বসিয়ে ঐক্যবদ্ধ আফগানিস্তান তৈরি করতে পারেনি। বাইডেন জানিয়েছেন, তিনি চান না, আর একটিও মার্কিন প্রাণও আফগানিস্তানের জন্য নষ্ট হোক। বহু মার্কিন পুরুষ এবং নারীর প্রাণ গেছে আফগানিস্তানের যুদ্ধে। আর প্রাণ তিনি যেতে দেবেন না।
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও জানিয়েছেন, আফগানিস্তান থেকে দেশটির অধিকাংশ সেনা দেশে ফিরে এসেছে। বাকিরাও দ্রুত ফিরে আসবে। রাশিয়া জানিয়েছে, তাদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের কথা হয়েছে। তালেবান আশ্বস্ত করেছে, দেশের ভিতর বিদেশি দূতাবাসগুলি যাতে সুরক্ষিত থাকে, তারা তা দেখবে। তারা মানবাধিকার লঙ্ঘন করবে না বলেও জানিয়েছে।