বড়লেখার সেই লাল চান বিবি মারা গেলেন বিয়ানীবাজার হাসপাতালে
সিলেট অফিস :

সিলেটের দশ হাসপাতাল ঘুরে শয্যা না পাওয়া বড়লেখার বৃদ্ধা লাল চান বিবি বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালে ভর্তি হওয়ার দুই ঘন্টা পর তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইসহাক আজাদ।
শনিবার দুপুর ২টার দিকে লাল চান বিবি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তাকে দ্রুত সময়ের মধ্যে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছিলো। বিকাল ৪টার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বৃদ্ধার বাড়ি বড়লেখা উপজেলার গ্রামতলা এলাকায়।
এর আগে শুক্রবার রাতে বৃদ্ধা লাল চান বিবির শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনরা তাকে সিলেট নিয়ে যান। সিলেটের দশটি হাসপাতাল ঘুরে কোথাও আইসিউ কিংবা সাধারণ শয্যা না পেয়ে হতাশ স্বজনরা শেষ পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করিয়েছিলেন।




