বিয়ানীবাজার থেকে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে ডিবি
সিলেট অফিস :

সিলেটের বিয়ানীবাজার থানাধীন দক্ষিণ পারিয়াবহর গ্রামে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আফতাব আলী (৩০) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত আফতাব আলী পারিয়াবহর সাকিনের আনসার আলী ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে রবিবার (১ আগস্ট) সন্ধ্যা অনুমান ছয় ঘটিকায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন দক্ষিণ পারিয়াবহর প্রকাশিত নাওলা সাকিনস্থ চিহ্নিত মাদক ব্যবসায়ী আফতাব আলীর বসত বাড়িতে অভিযান চালায় ডিবির একটি দল। এসময় তার বসত বাড়ি তল্লাশি করে দুটি পলিথিনে’ রাখা দেড় কেজি গাজা উদ্ধার করে পুলিশ। পরে আফতাব আলী কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা। এ ঘটনায় এস আই সুজিত চক্রবর্তী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া অফিসার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান। তিনি জানান পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার থেকে দেড় কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিবি।




