ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব ইরানের

Published: 3 August 2021

পোস্ট ডেস্ক :

ওমান সাগরে ইসরাইলি তেহবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। এর আগে যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে লন্ডন। সোমবার যুক্তরাজ্য ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি রাষ্ট্রদূতকে তলবের ঘটনা ঘটেছে। খবর-বিবিসির।

গত বৃহস্পতিবার ওমান সাগরে জাহাজে ওই হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে।যদিও এই অভিযোগ নাকচ করেছে তেহরান। ওই হামলায় একজন ব্রিটিশ ও একজন রোমানীয় নিহত হন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই হামলার নিয়ে বলেছেন, ইরান যে কাজ করেছে, তার পরিণতি ভোগ করতে হবে।

এদিকে জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরানকে জড়িয়ে যুক্তরাজ্যের বক্তব্যের প্রতিবাদে ব্রিটিশ দূতকে তলব করে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ সতর্ক করে বলেছেন, নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে তেহরান দ্বিধা করবে না।