তালেবানের গুলিতে আফগান সরকারের মিডিয়া প্রধান নিহত

Published: 6 August 2021

পোস্ট ডেস্ক :


আফগান সরকারের গণমাধ্যম তথ্যকেন্দ্রের প্রধান দাওয়া খান মেনাপালকে গুলি করে হত্যা করেছে তালেবান। দেশটির রাজধানী কাবুলের দারুল আমান এলাকার একটি মসজিদে শুক্রবার তাকে গুলি করে হত্যা করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্তানিকজাই হত্যার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে আবার এক কাপুরুষোচিত সন্ত্রাস হামলায় এক দেশপ্রেমিকের মৃত্যু হলো। খবর এএফপির।

আফগান সরকারের মিডিয়া দপ্তরের প্রধানকে খুনের দায় নিয়ে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘মুজাহিদিনরা বিশেষ হামলা চালিয়ে দাওয়া খানকে হত্যা করেছে।’

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী সম্প্রতি তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায়। এর জবাবে দেশটির প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালানো হবে বলে সতর্ক করেছিল তালেবান।

মঙ্গলবার মধ্যরাতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদির বাড়ি লক্ষ্য করে বোমা ও বন্দুক হামলা চালায় সংগঠনটি। ওই ঘটনায় চার হামলাকারীসহ আটজন নিহত হয়। আহত হয় ২০ জন।