যেভাবে উচ্চমাধ্যমিক পাস করলেন পঞ্চাশোর্ধ ফিলিস্তিনি নারী

Published: 7 August 2021

পোস্ট ডেস্ক :

দীর্ঘ তিন দশকের বেশি সময় পড়াশোনা স্থগিত থাকার পর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন ৫১ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী। মাহা আল হুসাইনি নামের এই নারী সাধারণ বিভাগে শতকরা ৯১ ভাগ নাম্বর নিয়ে তিনি পাস করেন।

সম্প্রতি আল জাজিরা মুবাশিরের এক সাক্ষাতকারে পড়াশোনা সম্পন্নের প্রত্যাশার কথা জানান মাহা। তিনি বলেন, ১৫ বছর বয়সে বিয়ে হলেও সারাজীবন পড়াশোনার আগ্রহ অন্তরে লালন করতাম। তখন সবেমাত্র মাধ্যমিক স্তর পড়া শেষ হয়েছিল। কিন্তু শেষ স্তর পর্যন্ত পৌঁছা আমার লক্ষ্য ছিল। আমার ১৫জন নাতিও আছেন।’

মাহা আরো বলেন, ‘দীর্ঘকাল পড়ার প্রতি তীব্র আগ্রহ লালন করেছি। কিন্তু শেষ করতে পারব কিনা এ নিয়ে খুবই হতাশ ছিলাম। কারণ আমাকে একাই ঘর ও স্কুল উভয়টি সামলাতে হত। শেষ পর্যন্ত আমি সফলভাবে উচ্চমাধ্যমিক স্তর সম্পন্ন করেছি। এ যাত্রা যতটুকু কঠিন মনে হয়েছিল আসলে ততটুকু কঠিন নয়।’

যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘পরীক্ষার আগে ও পরের সময় আমি অনেক বেশি পড়তাম। এমনকি অনেক সময় সারাদিনে দুই ঘণ্টা ঘুমাইনি। তাছাড়া যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে পড়া অনেক কষ্টকর ছিল। বেশির সময় বিদ্যুৎ থাকত না। তদুপরি পরিবারিক দায়িত্ব পালন ও যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতি সামাল দিয়ে ভোরে ও রাতে সবকিছু পড়তাম। প্রত্যেক বই আমি দুই তিনি বার পড়তাম। এক্ষেত্রে আমার স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরা আমাকে সহায়তা করেছে।’

গত মঙ্গলবার (৩ আগস্ট) ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় ২০২১ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করে। এ পরীক্ষায় সব বিভাগ মিলিয়ে ৮২ হাজার ৯২৪জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫৯ হাজার ১২৮জন উত্তীর্ণ হন।