বিজেপির বিধায়কের লেখা চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!
পোস্ট ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রীর দিল্লির দফতরে চিঠি লেখেন বিজেপি বিধায়ক বিবেকানন্দ। তার ওই চিঠিটি ইতিমধ্যে ভার্চুয়াল জগতে ভাইরাল হয়েছে। এতে তোপের মুখে পড়েছেন ওই বিধায়ক। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে চিঠি লেখা বিধাকবিবেকানন্দ বাউরি পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার বিধায়ক। এবারের বিধানসভা ভোটে প্রথমবার বিধায়ক হয়েছেন তিনি।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সোমবার (৯ আগস্ট) তিনি প্রধানমন্ত্রীকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে চিঠিটি শুরু করেন।
রঘুনাথপুর বিধানসভা এলাকার একটি দু’বছরের শিশু ‘ব্লাড ক্যান্সারে’ আক্রান্ত হওয়ায় বিধায়কের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছিলেন। রাজবীর বাউরি নামে ওই দু’বছরের শিশুর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের আর্জি জানিয়ে চিঠি লিখেছেন বিজেপি বিধায়ক। সেই চিঠিতেই তিনি প্রধানমন্ত্রীকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিবেকানন্দ বলছেন, প্রধানমন্ত্রীর আগে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ওই একই বয়ানে চিঠিটি লেখা হয়েছিল। প্রধানমন্ত্রীর চিঠির ক্ষেত্রে যেখানে ‘ম্যাডাম’ লেখা হয়েছে, সেই জায়গায় শব্দটি বদল করা হয়নি। আমার অফিসে যারা কাজ করেন, তাদেরই ভুল এটা। এতই ব্যস্ত ছিলাম যে, সই করার সময় দেখার সুযোগ হয়নি।
তিনি আরও বলেন, যে চিঠি আপনারা দেখেছেন, তা ছিল ড্রাফ্ট। সেটা কোথাও পাঠানো হয়নি। সংশোধিত চিঠি লিখে আমার অফিসে রাখা হয়েছে। শিশুটির বাবা তার সময় মতো এসে নিয়ে যাবেন।
তৃণমূল শিবিরের দাবি, চিঠিই লিখতে জানেন না বিজেপি বিধায়ক। তিনি কীভাবে মানুষের সাহায্যে কাজে আসবেন? তৃণমূলের এই দাবিকে পাত্তা দিতে চাননি বিবেকানন্দ।




