গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে কানাডার নাগরিকের ১১ বছর কারাদণ্ড

Published: 11 August 2021

পোস্ট ডেস্ক :


গুপ্তরচরবৃত্তির অভিযোগে মাইকেল স্পাভোর নামে কানাডার এক নাগরিককে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন চীনের ডানডং শহরের একটি আদালত।

২০১৮ সালে সাবেক কূটনীতিক মাইকেল কোভরিগসহ আটক হন মাইকেল স্পাভোর। খবর বিবিসির।

এই রায়ের ফলে চীন ও কানাডার সম্পর্কের আরও অবনতি ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডার ভ্যানকুভারে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের কর্মকর্তা মেং ওয়াংজুকে আটকের কয়েক দিনের মাথায় চীনে আটক হন কানাডার এ
দুই নাগরিক।

কানাডা এ ঘটনাকে বিচারবহির্ভূত বলে আখ্যা দেয় ওই সময়। তবে হুয়াওয়ে কর্মকর্তাকে আটকের প্রতিশোধ হিসেবে এ দুই ব্যক্তিকে আটকের কথা অস্বীকার করে চীন।

চীনের ডানডং আদালতের এক বিবৃতি থেকে জানা যায়, গুপ্তরচরবৃত্তি এবং বিদেশি রাষ্ট্রের গোপনীয়তার বিধান লঙ্ঘন করায় মাইকেল স্পাভোরকে ১১ বছরের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার চীনা মুদ্রার সমপরিমাণ মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে কানাডার আরেক নাগরিকের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন চীনের অন্য একটি আদালত।