তুমুল লড়াইয়ের মধ্যে গজনি ছাড়লেন গভর্নর
পোস্ট ডেস্ক :

আফগানিস্তানের ৯টি প্রদেশের রাজধানীর দখল ইতোমধ্যে নিয়ে নিয়েছে তালেবান। সম্প্রতি গজনি প্রদেশের রাজধানী গজনি শহরের নিয়ন্ত্রণও নেওয়া হয়েছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। যদিও সরকার তাদের দাবি প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে প্রদেশের গভর্নর গজনি শহর ছেড়ে গেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার এসব তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
কাবুল থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত গজনি শহরে তালেবানের যোদ্ধাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই চলছে।
গজনির প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহিদুজ্জামান জুমাজাদা বলেন, তালেবানের যোদ্ধারা শহরের বিভিন্ন অংশে হামলা চালিয়েছে কিন্তু শহরের নিয়ন্ত্রণ এখনো সরকারের হাতে রয়েছে।
যদিও তালেবান দাবি করছে, তারা গজনি শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, গজনিতে এখনো লড়াই চলছে, বিশেষ করে গোয়েন্দা হেডকোয়ার্টার্স এলাকায়।
গজনি শহর ছেড়েছেন গর্ভনর
গজনি শহর প্রায় দখল করে নিয়েছে তালেবানের যোদ্ধারা। তবে শহরের অভ্যন্তরে এখনো লড়াই চলছে। এর মধ্যে প্রদেশের গভর্নর শহরে ছেড়েছেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ‘গজনি প্রদেশের গভর্নর শহর ছেড়ে চলে গেছেন। এটা তালেবানের জন্য উল্লেখযোগ্য অর্জন। বেশ কয়েকদিন ধরে শহরে লড়াই চলছিল। এতদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল গজনির নিয়ন্ত্রণ হারাতে পারে সরকার।’
দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।




