পায়ে হেঁটে বিশ্বকে বাঁচানোর স্বপ্ন দেখছে ১১ বছরের ব্রিটিশ বালক
পোস্ট ডেস্ক :

পায়ে হেঁটে পৃথিবীকে বাঁচানোর স্বপ্ন দেখছে ১১ বছরের ব্রিটিশ বালক জুড ওয়াকার। সে উত্তর ইংল্যান্ড থেকে লন্ডন পর্যন্ত হেঁটে কার্বন ট্যাক্স প্রনয়নের পক্ষে সমর্থন বৃদ্ধির চেষ্টা করছেন। এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমে আসবে এবং বিশ্ব জলবায়ু পরিবর্তন থেকে রক্ষা পাবে বলে বিশ্বাস তার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওয়াকার জানিয়েছে, সে জলবায়ু নিয়ে কাজ করা এক্টিভিস্ট গ্রেটা থানবার্গকে দেখে অনুপ্রেরণা পেয়েছে। সে নানা বাধা পার হয়ে ২১০ মাইল রাস্তা পার হয়ে ব্রিটিশ পার্লামেন্টের সামনে হাজির হওয়ার পরিকল্পনা নিয়েছে। বিশ্বজুড়ে বৈশ্বিক উষ্ণতা ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
বিশ্বজুড়ে এর ব্যাপক নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।
এ নিয়ে গত মাসেই জাতিসংঘ সাবধান বার্তা দিয়েছিল। বিশ্বজুড়ে বেশিরভাগ রাজনৈতিক নেতা ও বিনিয়োগকারীরা জলবায়ু পরিবর্তনের পেছনে থাকা বিজ্ঞানটা মেনে নিয়েছেন। তারপরেও কীভাবে এই পরিবর্তন থামানো যায় তা নিয়ে বড় ধরণের বিভেদ রয়েছে। পদক্ষেপগুলো কতো কঠোর হতে হবে কিংবা কাকে এ জন্য অর্থ প্রদান করতে হবে তা নিয়ে ব্যাপক ইস্যু রয়েছে।
ওয়াকার স্পষ্ট করেই বলেছে, কার্বনের ওপর কর আরোপ করতে হবে। মানুষ যে গতিতে ছুটছে তা থামাতে এখনই এই কর আরোপের পক্ষে জনমত গঠনের চেষ্টা করছে সে। ৫০ মাইলের বেশি রাস্তা পার হওয়ার পর তার সঙ্গে কথা বলে রয়টার্সের সংবাদদাতা। তাকে ওয়াকার জানায়, আমরা এখন জলবায়ু পরিবর্তন সম্পর্কে অনেক কিছুই জানি। আমি বিশ্বাস করি, কার্বন কর আরোপ হতে পারে এর অন্যতম সমাধান। সে মানুষকে কার্বন করের পক্ষে একটি পিটিশনে স্বাক্ষর করতে উৎসাহিত করছে। বর্তমানে প্রায় ৫৭ হাজার মানুষ এতে স্বাক্ষর করেছে। যদি এটি ১ লাখ স্বাক্ষর আদায় করতে পারে তাহলে তা পার্লামেন্টে তোলা হবে।




