আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল, উত্থান ঘটবে আল কায়েদার- ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

Published: 13 August 2021

পোস্ট ডেস্ক :


আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারকে ভুল পদক্ষেপ বলে এর সমালোচনা করেছে ব্রিটেন। সতর্কতা দেয়া হয়েছে, দেশটিতে তালেবানদের উত্থানের ফলে উগ্রপন্থার এক উর্বর ক্ষেত্রে সৃষ্টি হবে, যা বিশ্বের জন্য হুমকি। এমন পরিস্থিতিতে আফগানিস্তানে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। স্কাইনিউজ টেলিভিশনকে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত খুব বড় এক সমস্যা সৃষ্টি করেছে। পরিস্থিতি অনুকূলে গেছে তালেবানদের। তিনি পূর্বাভাস দেন, এতে আল কায়েদা সুবিধা পাবে। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলা ও তার আগে-পরে আফগানিস্তানকে আল কায়েদার নিরাপদ স্বর্গে পরিণত করেছিল তালেবানরা।

বেন ওয়ালেস বলেন, আমি খুব বেশি উদ্বিগ্ন।

কারণ, ব্যর্থ রাষ্ট্র এইরকম উগ্রপন্থার উর্বরভূমি হয়ে ওঠে। অবশ্যই, খুব সম্ভব আল কায়েদা ফিরে আসবে। তিনি সতর্কতা দিয়ে বলেন, এতে ব্রিটেন ও ব্রিটেনের স্বার্থের জন্য নিরাপত্তা হুমকি হয়ে দেখা দেবে। আমার মনে হচ্ছে, এভাবে বিষয়টি সম্পাদন ( সেনা প্রত্যাহার) করা একটি ভুল পদক্ষেপ। এর ফলে এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে তার খেসারত দিতে হবে পারে।

বর্তমানে আফগানিস্তানে ৩০০০ ব্রিটিশ নাগরিক আছেন। তাদেরকে উদ্ধার করতে বৃটেন ৬০০ সেনা পাঠাচ্ছে। এ তথ্য দিয়েছেন বেন ওয়ালেস। ব্রিটেনের সিনিয়র বেশ কিছু রাজনীতিক এবং সেনাবাহিনী শীর্ষ নেতারা তার মতোই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে সমালোচচনা করেছেন।