কাবুল দখলের পর প্রথম সংবাদ সম্মেলন, যা বলছে তালেবান

Published: 17 August 2021

পোস্ট ডেস্ক :


কাবুলে সংবাদ সম্মেলন করছে তালেবান। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছে তারা। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে তাদের এই সংবাদ সম্মেলন শুরু হয়। তালেবান মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ বলেছেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে কেউ আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না।

তালেবান মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ বলেন, ‘২০ বছরের সংগ্রামের পর আমরা (দেশকে) মুক্ত করেছি এবং বিদেশিদের বহিষ্কার করেছি। গোটা জাতির জন্য এটা গর্বের মুহূর্ত।’

তিনি বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কোনো সমস্যায় জড়াতে চাই না। ধর্মীয় নীতি অনুযায়ী কাজ করার অধিকার আমাদের আছে। অন্যান্য দেশেরও বিভিন্ন পন্থা, নিয়ম এবং বিধান রয়েছে। তেমনই আমাদের মূল্যবোধ অনুযায়ী নিজস্ব আইন-কানুন মানার অধিকার আফগানদের আছে।

তিনি আরো বলেন, আমরা শরিয়া (ইসলামী আইন) নিয়ম অনুযায়ী নারীদের অধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ। নারীরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে কোনো বৈষম্য থাকবে না।

জাহিবুল্লাহ মুজাহিদ বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে আফগানিস্তান আর সংঘাতের যুদ্ধক্ষেত্র নয়। যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি। শত্রুতা শেষ হয়ে গেছে। আমরা কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ শত্রু চাই না।

এদিকে, তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধান মোল্লা বারাদার তালেবান শীর্ষ নেতাদের নিয়ে আফগানিস্তানের কান্দাহারে পৌঁছেছেন। বারাদার তালেবানের সহপ্রতিষ্ঠাতা এবং দলটির অন্যতম শীর্ষ নেতাদের একজন। তারা কোথা থেকে সেখানে পৌঁছেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে বেশির ভাগ নেতাই কাতারের দোহায় ছিলেন এবং মার্কির বাহিনী প্রত্যাহারের পর দেশ শাসনের রূপরেখা নিয়ে আমেরিকানদের সাথে আলোচনা করছিলেন।