আফগান ইস্যুতে বরিস জনসন ও অ্যাঙ্গেলা মারকেলকে যে কথা জানিয়েছেন ইমরান খান
পোস্ট ডেস্ক :

ব্রিটিশ প্রধান মন্ত্রী বরিস জনসন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে ফোনে কথা বলেছেন। বিশ্বের শক্তিধর এই দুই নেতাকে পাকিস্তান ও এ অঞ্চলের জন্য শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তানের গুরুত্ব তুলে ধরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানিস্তান ইস্যুতে সোমবার তাকে ফোন করেন ওই দুই নেতা।
এ সময়ে তারা এ ইস্যুতে পরস্পরের সঙ্গে মতবিনিময় করেন। এ খবর দিয়েছে অনলাইন ডন। ইমরান খান গুরুত্ব দিয়ে সব আফগানের নিরাপত্তা ও সুরক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রতিজন আফগানের অধিকার সুরক্ষিত রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ সময় তিনি আরো জোর দিয়ে বলেন, সবার অংশগ্রহণমূলক রাজনৈতিক সমাধানই হচ্ছে এখন সামনে এগুনোর উত্তম পথ। এ জন্য আফগানিস্তানের সব নেতার সঙ্গে যোগাযোগ রাখছে পাকিস্তান।
এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কেও যুক্ত হতে হবে। আফগানিস্তানের মানুষকে অর্থনৈতিকভাবে সমর্থন করতে হবে। বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংগঠনের স্টাফ ও অন্যদের উদ্ধারে পাকিস্তান যে ইতিবাচক ভূমিকা রেখেছে তিনি তাও তুলে ধরেন। আফগানিস্তানে যে অবস্থার আবির্ভাব হবে তার প্রেক্ষিতে ইমরান খানের সঙ্গে যোগাযোগ রাখতে একমত হন বরিস জনসন এবং অ্যাঙ্গেলা মারকেল।




