বাংলাদেশের ৫০ বছর উদযাপন উপলক্ষে  ‘বাংলাভার্স ফিল্ম ফেস্টিভ্যাল’

Published: 24 August 2021

সংবাদ বিজ্ঞপ্তি :

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের “বাংলাদেশ এট্ ফিফটি” শীর্ষক নয় মাসব্যাপি কর্মসূচি অংশ হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিন দিন ব্যাপি বাংলা চলচ্চিত্র উৎসব ‘বাংলাভার্স ফিল্ম ফেস্টিভ্যাল’।

একটি বিশাল এবং প্রাণবন্ত বাঙালি কমিউনিটির বাসস্থান হচ্ছে টাওয়ার হ্যামলেটস্ এবং তাদের কাছে ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহুর্ত।

উনিশ শ’ একাত্তরের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, যখন মুক্তিযুদ্ধ সংঘটিত হয় এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, তা তুলে ধরার জন্য একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে পেরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আনন্দিত। এই উৎসবে যে চলচ্চিত্রগুলো দেখানো হবে, তার মধ্যে রয়েছে এওয়ার্ড প্রাপ্ত ডকুমেন্টারি রাইজিং সাইলেন্স (২০১৯), মর্মস্পর্শী তথ্যচিত্র মুক্তির গান (১৯৯৫) এবং এ্যাকশন ফিল্ম ‘সংগ্রাম’ (২০১৯)।

ব্রাডি আর্টস সেন্টার, জেনেসিস সিনেমা এবং রিচ মিক্স এর পর্দায় প্রদর্শিত হবে এই সিনেমাগুলো। এর পাশাপাশি থাকবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্মরণে সঙ্গীত ও কথিকা অনুষ্ঠান। অতীত নিয়ে কথা বলা সবসময় সহজ নয়। ইতিহাসকে অনুধাবনের চেতনা এবং অব্যাহত কথোপকথনের পরিবেশ তৈরিতে সহযোগিতা করার মাধ্যমে বাংলাদেশী এবং বৃহত্তর জনগোষ্টিকে একত্রিত করার একটি দুর্দান্ত সুযোগ হচ্ছে এই বাংলাভার্স ফিল্ম ফেস্টিভ্যাল।

বিশেষ এই চলচ্চিত্র উৎসবের প্রথম দিন ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৬.২৫ টায় মাইল এন্ড রোডস্থ জেনেসিস সিনেমা হলে প্রদর্শিত হবে মনসুর আলী নির্দেশিত অ্যাকশন ফিল্ম ‘সংগ্রাম।

পরদিন ১৭ সেপ্টেম্বর ৩টায় বেথনাল গ্রিন রোডস্থ রিচ মিক্স সেন্টারে লীসা গাজী’র ‘রাইজিং সাইলেন্স’ প্রদর্শিত হবে। ঐদিন রাত ৮টায় হ্যানবারি স্ট্রিটের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে নানা উপস্থাপনার লাইভ অনুষ্ঠান হোম এন মাইক। এতে থাকবে স্বাধীনতা কেন্দ্রিক গান, কবিতা, আলোচনা, যন্ত্রসঙ্গীত, স্মৃতিকথা, কথিকা ইত্যাদি।

এই অনুষ্ঠানে পারফর্ম করতে আগ্রহীরা ১৬ সেপ্টেম্বর বেলার ১২টার মধ্যে ইমেইলে (mrsalamjones@hotmail.co.uk) সালাম জোনস্ এর সাথে যোগাযোগ করতে পারেন।

১৮ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় ব্রাডি আর্টস সেন্টারে প্রদর্শিত হবে তারেক ও ক্যাথরিন মাসুদের তথ্যচিত্র ‘মুক্তির গান’। প্রদর্শনী শেষে অনুষ্ঠিত হবে প্রশ্ন-উত্তর পর্ব। উর্মি মাজহারের পরিচালনায় এই পর্বে অংশ নেবেন মাহমুদুর রহমান বেনু এবং ভ্যাল হারডিং।

একই দিন (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭.৪৫ টায় ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ইউনিয়ন অর্কেস্ট্রা’র বিশেষ পরিবেশনা ‘বেঙ্গল টু ব্রিকলেন’।

এই চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে অনলাইনে প্রদর্শিত হবে দ্যা মাদার দ্যা রিভার (১২ মিনিট), অনারিং মুজিব (২৮ মিনিট) এবং রেইনবো ফিল্ম সোসাইটির ‘বাংলাদেশ ৭১’।