আসন্ন শরতে স্কুলগামী শিশুদের সুরক্ষায় দেয়া হবে ফ্লু জাব
পোস্ট ডেস্ক :

ঠান্ডার মাসগুলো আসার সাথে সাথে ফ্লুর মত মৌসুমী ভাইরাস আমাদের বারার স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য সর্বাধিক অগ্রাধিকারে পরিণত হয়। ফ্লু খুব মারাত্মক হতে পারে, যার ফলে প্রতিটি শীতকালেই যুক্তরাজ্যে হাজার হাজার লোককে ভর্তি হতে হয় হাসপাতালে এবং মারা যায় শত শত লোক। আমাদের কমিউনিটির মধ্যে এখনো কোভিড-১৯ এর প্রাদুর্ভাব থাকায়, এবছর বিশেষ চাপে মধ্যে পড়তে পারে বলে এনএইচএস ধারণা করছে, তাই প্রথমবারের মত এবার ২ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে ফ্লু’র ভ্যাকসিন বা টিকা দেয়া হবে।
টাওয়ার হ্যামলেটস পাবলিক হেলথ এর ম্যাটারনিটি এন্ড আর্লি ইয়ার্স টিমের প্রধান সুমাইরা তৈয়ব বলেন, আপনার সন্তানকে ফ্লুর বিরুদ্ধে টিকাকরণ এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। টিকা দেয়ার ফলে শিশুদের একটি সম্ভাব্য মারাত্মক অসুস্থতা থেকে রক্ষা করে এবং এটি গোটা কমিউনিটিকেও সুরক্ষিত রাখে, কারণ শিশুরা ফ্লু’র ‘সুপারস্প্রেডার বা অতিবিস্তারকারী’ হতে পারে অর্থাৎ অতি সহজেই তারা তাদের চারপাশের লোকজনের মধ্যে ফ্লু ভাইরাস ছড়িয়ে দেয়।
২ ও ৩ বছর বয়সীদেরকে তাদের জিপি সার্জারিতে নিয়ে গিয়ে টিকাকরণ করা যাবে। আর স্কুলগামী শিশুদের অটম টার্ম (অক্টোবর – জানুয়ারী) চলাকালে স্কুলে এই টিকা দেওয়া হবে। যারা টিকাকরণ মিস করবে, তাদের জন্য থাকবে ক্যাচ-আপ ক্লিনিক এবং এই টিকাকরণ প্রক্রিয়ায় সামগ্রিকভাবে শিশুদের সহযোগিতা করবে স্কুলগুলো। ভ্যাকসিন বা টিকা গ্রহণে প্রস্তুতি নিতে বাচ্চাদের সাহায্য করতে নতুন গল্পের বই সহ নানাভাবে সাহায্য করা হবে।
অধিকাংশ বাচ্চাকেই নাকে স্প্রের মাধ্যমে ভ্যাকসিন দেয়া হবে, কারণ এটি দ্রুত ও ব্যথাছাড়াই প্রদান করা যায় এবং ইঞ্জেকশনের মাধ্যমে দেয়া টিকার চেয়ে এটি অধিকতর কার্যকরও বটে। তবে সব শিশুর জন্য উপযুক্ত হবে না, কারণ এতে খুব সামান্য পরিমাণে পোরসিন জেলেটিন রয়েছে, তাই বিকল্প হিসেবে ইনজেকটেবল ভ্যাকসিন অর্থাৎ ইঞ্জেকশনের মাধ্যমে টিকাকরণ করা যাবে, যাতে শুকর বা কোন প্রাণীর উপাদান নাই।
ফ্লু ভ্যাকসিন সম্পর্কে বিস্তাতির তথ্য জানতে ভিজিট করুন- www.towerhamlets.gov.uk/immunisation




