ব্রিটেনের রেড লিস্ট থেকে মুক্ত বাংলাদেশ

Published: 17 September 2021

পোস্ট ডেস্ক :

অবশেষে ব্রিটেনের রেড লিস্ট থেকে বাদ পড়ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। আগামী সপ্তাহ থেকে এটি কার্যকর হতে পারে। আর কার্যকর হলে হোটেল কোয়ারেন্টিন ছাড়াই বাংলাদেশ থেকে ব্রিটেন ভ্রমণের সুযোগ পাওয়া যাবে।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, লন্ডনের হাইকমিশনের তৎপরতা আর কমিউনিটির মানুষের দাবির মুখে এ ভোগান্তির অবসান হতে যাচ্ছে।

কয়েক হাজার ব্রিটিশ নাগরিক হোটেল কোয়ারেন্টাইনের ঝক্কি এড়াতে কয়েক মাস ধরে বাংলাদেশে অবস্থান করছেন। অন্যদিকে, বাংলাদেশি টাকায় প্রায় তিন লাখ টাকা ব্যয়ে হোটেল কোয়ারেন্টাইন এড়াতে অনেকে ভিসা পেয়েও ব্রিটেনে আসতে পারছেন না।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ইঙ্গিত দিয়েছেন যে, বিদেশ থেকে আসা দুই ডোজ টিকা নেওয়া ব্রিটেন ভ্রমণকারীদের দুটি পিসিআর পরীক্ষাও শিগগিরই বাদ দেওয়া হবে।