গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের দাদা ও নাতি নিহত, আহত ৫

Published: 18 September 2021

গোলাপগঞ্জ সংবাদদাতা :

সিলেটের গোলাপগঞ্জে যাত্রীবাহী প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় শিশুসহ আরও ৫জন আহত হয়েছেন।

শনিবার সকাল ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ফাজিলপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মালবাহী পিকআপভ্যানের (ঢাকা মেট্রো-ন-২০-৮২৪৭) সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত প্রোবক্স এর (ঢাকা মেট্টো গ ১৪-৯৫৯৫) সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। নিহত শফিক উদ্দিন গাড়ির সামনে চালকের পাশের সিটে বসা ছিলেন। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন এলাকায়। এ ঘটনায় তার নাতি আরিয়ান (১) মারা যায়। নিহত শিশু আরিয়ানের বাবার নাম আবুল হাসনাত।

নিহত শফিক উদ্দিন স্বপরিবারে সিলেট শহরে যাচ্ছিলেন। গাড়ির চালক নাসিরসহ নিহতদের পরিবারের সদস্য একই উপজেলার পাতন উচ পাড়া গ্রামের হুছনা বেগম (৫৫), ফাতেমা আক্তার পপি(৩০) ও তামান্না বেগম (২৫)। তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলে্টের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গোলাপগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করেন। পিকআপ ভ্যানের চালকও আহত হলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।