মৌলভীবাজারে গাঁজাসহ দুই নারী গ্রেফতার
মৌলভীবাজার সংবাদদাতা :

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের সন্নিকটে হামরকোনা এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের এএসআই মোশাহিদ কামালের নেতৃত্বে পুলিশের একটি দল হামরকোনা এলাকায় অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মৃত.আকবর আলীর মেয়ে মোছা. হুসনেয়ারা বেগম (৩৫) ও একই উপজেলার নজিম উদ্দিনের স্ত্রী মোছা. মরিয়ম বেগমকে (৫০) গাঁজাসহ গ্রেফতার করে।
শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই মোশাহিদ কামাল দুই নারীকে গ্রেফতার ও দুই কেজি গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বাদী হয়ে ওই মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।




