সিলেটে স্ত্রীর স্বীকৃতি পেতে…

Published: 20 November 2021

সিলেট অফিস :


সিলেটের কালীবাড়ি এলাকায় বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড হাতে নিয়ে দুদিন ধরে অবস্থান করছেন এক তরুণী। তার হাতের প্ল্যাকার্ডে লেখা ‘স্ত্রীর স্বীকৃতি দাবিতে আমরণ অনশন, স্ত্রীর স্বীকৃতি না পেলে মরে যাব, রুহিনের ঘরে যাব নইলে বিষ খাব।

আজ শনিবার (২০ নভেম্বর) বিকেলে সিলেট নগরের কালীবাড়ির বাসিন্দা মো. আবু হানিফের বাসায় এই চিত্র দেখা যায়। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকার মো. আবু হানিফের ছেলে মিছবাহুজ্জামান রুহিন।

জানা গেছে, স্ত্রীর স্বীকৃতি দাবিতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলাও করেছেন তরুণী। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

বাড়ির সামনে অবস্থান করা তরুণী জানান, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রুহিনের সঙ্গে দীর্ঘদিন আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ৮ মাস আগে নোটারি পাবলিকের মাধ্যমে আমরা দু’জন বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমাকে নারায়ণগঞ্জের একটি ভাড়া বাসায় রেখে সিলেটে থেকে কিছুদিন পর পর গিয়ে সেখানে থাকতো রুহিন। এভাবে প্রায় ৭ মাস একসঙ্গে সংসার করার পর হঠাৎ রুহিন যোগাযোগ বন্ধ করে দেয়। এখন আমাকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছে না রুহিন। দেখা হলেই এড়িয়ে চলছে। ১০ থেকে ১২ দিন আগে সিলেটে তার বাসায় গেলে লোকজনের সামনে আমাকে তারা মারধর করে। স্থানীয় সিটি কাউন্সিলরকে এ বিষয়ে অবহিত করলে বিচার করে দেবেন বলে আশ্বাস দেন তিনি। কিন্তু এখনো আমি কোনো বিচার পাইনি।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ভুক্তভোগী তরুণী এ ঘটনায় ঢাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। আমরা ঢাকার পিবিআইর তদন্ত কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। তিনি আমাদের কাছে কোনো আইনি সহযোগিতা চাইলে আমরা তাকে সহযোগিতা করব।