বড়লেখায় ৫০ একর পতিত জমিতে বোরোর প্রদর্শণী প্রকল্প কৃষকদের সাথে মতবিনিময়
বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গজভাগ গ্রামের ৫০ একর পতিত কৃষি জমিতে উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের প্রদর্শণী প্রকল্প গ্রহণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ প্রকল্প বাস্তবায়নের লক্ষে সোমবার বিকেলে স্থানীয় প্রান্তিক কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। উল্লেখ্য আমন ধান চাষের পর এসব কৃষি জমি অনাবাদি থাকতো। পতিত কৃষি জমিতে অন্তত ৪০ লাখ টাকার বোরো ধান উৎপাদনের লক্ষমাত্রা নিয়ে কৃষি বিভাগ প্রকল্পের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেনের সঞ্চালনায় প্রান্তিক কৃষকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএএম রাসেদুজ্জামান বিন হাফিজ। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রব, গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব আলী, সমাজসেবক নজরুল ইসলাম টেক্কা, প্রকল্পের উপকারভোগী প্রান্তিক কৃষক লালই মিয়া, আব্দুর রহমান, ইসলাম উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুন নুর প্রমুখ। ফসলের পানিসেচের সুবিধা বৃদ্ধির জন্য কৃষকরা প্রকল্প এলাকার দক্ষিণ পাশ দিয়ে বহমান ছড়া পুনঃখননের দাবী জানান।




