সিএম তোফায়েল সামী আর নেই

Published: 6 December 2021

সিলেট অফিস :


জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সিএম তোফায়েল সামী আর নেই। সোমবার (৬ ডিসেম্বর) বেলা দুইটার দিকে রাজধানী ঢাকার স্পেলাজাইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, ভাই-বোন, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিএম তোফায়েল সামী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মরদেহ এখন ধানমন্ডির বাসভবনে রাখা হয়েছে।

তাঁর মৃত্যুতে সিলেটবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পেশায় ছিলেন ব্যাংকার। কিন্তু তাঁর বড় পরিচয় ছিল তিনি একজন সামাজিক সংগঠক। নিপাট ভদ্রলোক, সজ্জন ও সংস্কৃতিমনস্ক মানুষ। তিনি জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সফল সভাপতি ছিলেন ৷ তিনি ছিলেন বিশ্ব সিলেট সম্মেলন এর সভাপতি। তাঁর নেতৃত্বে ২০১৭ সালে ঢাকা ও সিলেটে বিশ্ব সিলেট সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি সিলেট রত্ন ফাউন্ডেশনের সভাপতি ছাড়াও ছিলেন প্রতিভা বিকাশ বাংলাদেশের সভাপতি৷

সিএম তোফায়েল সামি-এর পারিবারিক ঘনিষ্ঠজন লেখক খায়রুন নাহার চৌধুরী লাভলি জানান-তিনি আজ সোমবার সকালে রাজধানীতে একটি সেমিনারে যোগ দেন। সেখানে যাওয়ার পথে গাড়িতেই অসুস্থতাবোধ করেন। সেমিনারে শারীরিক অবস্থার অবনতি হলে স্পেলাজাইড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

সিএম তোফায়েল সামির গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। পূর্বপূরুষরা ছিলেন জমিদার। সাবেক এই বিশিষ্ট ব্যাংকার কয়েক দশক থেকে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করে আসছেন। অবসর জীবনে লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

তাঁর ভাই সিএম শফি সামি ছিলেন সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।

জানাযার সময়সূচি : সিএম তোফায়েল সামীর জানাজা আগামীকাল ৭ ডিসেম্বর, রোজ মঙ্গলবার, বাদ যোহর রাজধানী ঢাকার ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাযা শেষে বনানী কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এদিকে সিএম তোফায়েল সামীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু। তারা মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।