সরকার গ্রামীণ জনপদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রত্যয়ী-হাবিবুর রহমান হাবিব এমপি
সংবাদদাতা :

সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার গ্রামীণ জনপদের আর্থ-সামাজিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে প্রত্যয়ী। এরই অংশ হিসেবে সিলেট-৩ নির্বাচনী এলাকার অবহেলিত জনপদকে চিহ্নিত করে পরিকল্পিত উন্নয়নের আওতাভূক্ত করা হচ্ছে। যাতে গ্রামের সাধারণ কৃষক তাঁদের উৎপাদিত পণ্য অল্প খরচে শহরে নিয়ে ন্যায্যমুল্য পেতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সিলেট-৩ নির্বাচনী এলাকার অনেক উন্নয়ন সাধিত হয়েছে। যতদিন বঙ্গবন্ধুর আদর্শের এই সরকার ক্ষমতায় থাকবে, ততদিন উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জে স্টেডিয়াম ও যুব প্রশিক্ষণ কমপ্লেক্স স্থাপনে অগ্রণী ভূমিকা পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এমপি হাবিবুর রহমান হাবিব গতকাল (১১ ডিসেম্বর) শনিবার ১ কোটি ১ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের নৈখাই-রেললাইন পর্যন্ত এবং নৈখাই-গোয়াসপুর সড়ক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকাকরণ শেষে পৃথক পৃথক উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এমপি হাবিবুর রহমান হাবিব বলেন, প্রয়াত এমপি জননেতা মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মৃত্যুর পূর্বে সড়ক দু’টির নির্মাণকাজ শেষ হয়েছিল। তবে প্রয়াত এমপির নামে ফলক লাগানো স্বত্বেও নির্দিষ্ট সময়ের আগে দূর্ভাগ্যবশতঃ মৃত্যুবরণ করায় তিনি এর উদ্বোধন করে যেতে পারেননি। আমি আজ মরহুম এমপি’র নামে লাগানো উদ্বোধনি ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক দু’টি উদ্বোধন করে মোনাজাতের মাধ্যমে মরহুম এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরীকে শ্রদ্ধার সাথে স্মরণ এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।
উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আহমদ, উপজেলা প্রকৌশলী আফছর আহমদ ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দাস, উপজেলা আওয়ামী লীগ নেতা মিছবাহ আহমদ তালুকদার, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা শাহীন আলী, নিজাম আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ফয়ছল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ছদরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আখতার হোসেন, আইয়ুব হোসেন মেম্বার, রুহুল ইসলাম মেম্বার প্রমুখ।




