সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের ২০২২ ও ২০২৩ সাল মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

Published: 12 December 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের ২০২২ ও ২০২৩ সাল মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে অর্ডিনারী ও এসোসিয়েট শ্রেণীতে ১৮টি পরিচালক পদে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য যে, ট্রেড গ্রুপ ও টাউন এসোসিয়েশন শ্রেণীতে নির্ধারিত পদ ও প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় উক্ত ২টি শ্রেণীতে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। ট্রেড গ্রুপ শ্রেণী থেকে আবু তাহের মোঃ শোয়েব, মোঃ হিজকিল গুলজার ও মোঃ আতিক হোসেন-কে এবং টাউন এসোসিয়েশন শ্রেণী থেকে আমিনুর রহমান-কে ইতোপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী অদ্য ১১ ডিসেম্বর ভোটকেন্দ্র ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সকাল ৯ ঘটিকা থেকে একটানা বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোটারগণ উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা শেষে রাতেই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার জলিল। তিনি অর্ডিনারী শ্রেণী থেকে ১২ জন যথাক্রমে ফালাহ উদ্দিন আলী আহমদ, মুশফিক জায়গীরদার, ফখর উস সালেহীন নাহিয়ান, মোঃ আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, মোঃ নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, মোঃ আব্দুস সামাদ, জহিরুল কবির চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস এবং এসোসিয়েট শ্রেণী থেকে ৬ জন যথাক্রমে তাহমিন আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), মোঃ মুজিবুর রহমান মিন্টু, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, জিয়াউল হক, সরোয়ার হোসেন (ছেদু)-কে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচিত পরিচালকগণের মধ্য হতে আগামী ১৩ ডিসেম্বর ২০২১ইং, সোমবার বিকাল ৩ ঘটিকায় ২০২২ ও ২০২৩ সাল মেয়াদের সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেট চেম্বারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার জলিল স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব, ডিজিএফআই, এনএসআই, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, নির্বাচনের প্রার্থী ও ভোটারগণ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন আপীল বোর্ডের চেয়ারম্যান ড. এম. শহীদুল ইসলাম, নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট মিছবাউর রহমান আলম ও সিরাজুল ইসলাম শামীম, আপীল বোর্ডের সদস্য এডভোকেট দিলীপ কুমার কর ও মোঃ আতিকুর রহমান লাহিন, নির্বাচনের প্রার্থী, এজেন্ট, প্রেস ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।