লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের ৫০তম বিজয় দিবস উদযাপন

Published: 17 December 2021

লন্ডন :


রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন ৫০তম বিজয় দিবস উদযাপন শুরু করেছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারিদের নিয়ে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সংগীতের মাধ্যমে বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে হাইকমিশনারের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় সরাসরি সম্প্রচারিত `সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ` অনুষ্ঠানে অংশগ্রহণ করে শপথ বাক্য পাঠ করেন।
এছাড়া মিশনের কর্মকর্তারা বিজয় দিবস উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন। এরপর জাতির পিতা ও মুক্তিযুদ্ধে শহীদদের অমর আত্মার শান্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পূর্বে ১৬ ডিসেম্বর রাত ১২.০১ মিনিটে লন্ডনে কুইনস গেইটস্থ বাংলাদেশ হাই কমিশন ভবনকে লাল-সবুজে আলোকিত করা হয়।
মুজিববর্ষের বিজয় দিবসে উদযাপনে বাংলাদেশ হাই কমিশন বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের একটি হোটেলে এক বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী, এমপিসহ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।